ইসিতে হিসাব দিল বিএনপি: আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং
নির্বাচন কমিশনে (ইসি) তাদের বার্ষিক আয় ও ব্যয়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (অডিট রিপোর্ট) জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটির দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে তাদের মোট আয় হয়েছে ২২ কোটি ২৬ লাখ টাকা এবং ব্যয় হয়েছে ১৫ কোটি ১৯ লাখ টাকা। বর্তমানে বিএনপির দলীয় তহবিলে ৬ কোটি ৭ লাখ টাকা উদ্বৃত্ত রয়েছে।
রবিবার (১৯ জুলাই) দুপুর ১২টার পর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ইসি সচিবালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই হিসাব জমা দেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন দলের কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন। তাঁরা নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেনের কাছে এই অডিট রিপোর্ট হস্তান্তর করেন।
রাজনৈতিক দলগুলো সাধারণত সদস্যদের চাঁদা, অনুদান এবং মনোনয়ন ফরম বিক্রি থেকে আয় এবং সাংগঠনিক কর্মকাণ্ড, কর্মকর্তা-কর্মচারীদের বেতন, কার্যালয় রক্ষণাবেক্ষণ ও দুস্থ নেতা-কর্মীদের সহায়তা খাতে ব্যয় দেখিয়ে থাকে।
উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক এবং পরপর তিন বছর তা না করলে নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।
আপনার মতামত লিখুন :