বিশ্বকাপ ইতিহাসের অনন্য রেকর্ডে নাম লেখাল স্পেন
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
ফুটবল মাঠে ভাগ্য আর ইতিহাসের মেলবন্ধন কতটা নাটকীয় হতে পারে, ডালাস স্টেডিয়াম তার সাক্ষী হলো। পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে কেবল জয়ই পায়নি স্পেন, বরং ভেঙে দিয়েছে ১৬ বছর ধরে টিকে থাকা সুইজারল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসের এক অনন্য রেকর্ড।
ম্যাচের ৪১ মিনিটে যখন পর্তুগালের নুনো মেন্দেসের এক বুলেট গতির শট স্প্যানিশ ডিফেন্ডার পেদ্রো পোরোর মাথা ছুঁয়ে গোলবারের দিকে ছুটছিল, তখন নিশ্চিত গোলের আশঙ্কায় ছিল স্প্যানিশ ভক্তরা। বলটি গোলরক্ষক উনাই সিমনকেও ফাঁকি দিয়ে যখন জালের ঠিক আগমুহূর্তে, ঠিক তখনই ক্রসবারে লেগে ফিরে আসে। কপাল জোরে বেঁচে যায় স্পেন।
সেই মুহূর্তের ঠিক ৬০ সেকেন্ড পরেই ইতিহাস নতুন করে লিখে ফেলে ‘লা রোহা’রা। ৪২ মিনিটে পা রাখার সাথে সাথেই স্পেনের জাল অক্ষত থাকার সময়কাল দাঁড়ায় ৫৬০ মিনিট, যা ভেঙে দেয় সুইজারল্যান্ডের ৫৫৯ মিনিটের পুরোনো বিশ্বরেকর্ড। ১৯৯৪ থেকে ২০১০ বিশ্বকাপ পর্যন্ত টানা তিনটি আসর মিলিয়ে ৫৫৯ মিনিট নিজেদের জাল অক্ষত রেখেছিল সুইসরা। সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।
স্পেনের এই অবিশ্বাস্য যাত্রার শুরু ২০২২ কাতার বিশ্বকাপের শেষ ভাগে। সেবার মরক্কোর বিপক্ষে অতিরিক্ত সময়সহ ১২০ মিনিট গোলহীন থাকার পর, চলতি ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে কেপ ভার্দে, উরুগুয়ে ও সৌদি আরব, শেষ বত্রিশে অস্ট্রিয়া এবং শেষ ষোলোয় পর্তুগাল তাদের জালে বল পাঠাতে পারেনি। সব মিলিয়ে টানা ৬ ম্যাচ ও ৬০৯ মিনিট ধরে স্পেন বিশ্বকাপে গোল হজম করেনি। এমন কীর্তি আর কারও নেই।
পর্তুগাল ম্যাচে স্পেনের রক্ষণভাগের এই দৃঢ়তা শুধু তাদের কোয়ার্টার ফাইনালে জায়গা করে দেয়নি, বরং বিশ্বকাপের পাতায় নিজেদের নাম খোদাই করে দিল এক অনন্য উচ্চতায়।
আপনার মতামত লিখুন :