রাজধানীতে একদিনে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
রাজধানীর ডেমরা, কামরাঙ্গীরচর ও বংশালে পৃথক ঘটনায় তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পরিবার।
নিহতরা হলেন মোছা. পপি (৩৫) স্বপ্না বেগম (৩৮) এবং হাশেম (৪৮)।
ডেমরায় মোছাম্মৎ পপি (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হাজী বাদশা মিয়া রোডের আমার ভুবন ভবনের ১১ তলার ফ্ল্যাট নং ১০/এ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ডেমরা থানার এসআই মাহবুর রহমান জানান, বাথরুমের ভেতর হ্যাঙ্গারের সঙ্গে সুতির গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
নিহত পপি নারায়ণগঞ্জের ফতুল্লার নন্দলালপুরের দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি পরিবারসহ ওই ভবনে থাকতেন।
স্বামী রনি বলেন, দুপুরে গোসলের জন্য বাথরুমে ঢোকার শব্দ পেলাম, তারপর সব নিস্তব্ধ। সন্দেহ হলে মেশিন দিয়ে দরজা কেটে দেখি আমার স্ত্রী গামছা দিয়ে ঝুলে আছে। কেন এমন করলো বুঝতেই পারছি না। আমাদের মধ্যে কোনো ঝগড়াও ছিল না। সংসার রেখে চলে যাবে ভাবতেও পারছি না।
তিনি আরও বলেন, আমাদের চারটি সন্তান। তিন ছেলে এক মেয়ে, আমাদের বড় ছেলের ঘরেও আমাদের একটি নাতি আছে তার বয়স আড়াই বছর এবং আমারও একটি দুই বছরের ছোট্ট মেয়ে আছে। আমরা বুঝতেই পারছি না সে কেন এমন কাজটি করল।
এদিকে কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় স্বপ্না বেগম (৩৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বাসার ম্যানেজার টিটু জানান, ৮ মাস আগে পরিবারসহ নিচতলায় ভাড়া ওঠেন স্বপ্না। তখন থেকেই তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন।
স্বামী খাজা জানান, তিনি পেশায় অটোচালক। রাতে স্ত্রীর সঙ্গে ফোনে কথা হলে তিনি দ্রুত বাসায় ফিরতে বলেন। সকালে ছেলে ফোন করে জানায় মা ফাঁস দিয়েছে। বাসায় ফিরে তিনি স্ত্রীকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।
কামরাঙ্গীরচর থানার এসআই আরিফুল ইসলাম জানান, ছেলে-মেয়ে বাইরে থাকার সুযোগে ফাঁকা বাসায় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
অপরদিকে বংশালের নাজিম উদ্দিন রোডের একটি ৬ তলা ভবনের চারতলায় হাশেম (৪৮) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাত ১টায় ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে হাসিব জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। বোনের বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি ফাঁস দেন।
আপনার মতামত লিখুন :