নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশকে গুলি, পাল্টা গুলিতে একজন গুলিবিদ্ধ, আটক ২
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশের চালানো পাল্টা গুলিতে জসিম (২৪) নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) বেলা সোয়া তিনটার দিকে ফতুল্লার ইসদাইর রেলস্টেশনের পাশে আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুলিবিদ্ধ জসিমসহ দুজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে। অভিযানে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পুলিশের তিন সদস্য ও গুলিবিদ্ধ জসিমকে শহরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- ইসদাইর এলাকার রেজ্জাক বাহিনীর প্রধান রেজ্জাকের ছেলে জসিম এবং একই এলাকার আবদুস সালামের ছেলে মোহন (২৩)। তারা দুজন মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবারি আবদুর রাজ্জাকের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল প্রতিপক্ষের কাছ থেকে ইসদাইর এলাকার দখল নিতে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। ঘটনাস্থলে পুলিশকে দেখেই মাদক কারবারিরা পিস্তল দিয়ে গুলি বর্ষণ এবং ইট-পাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে ও আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে।
পুলিশের এসআই রফিক এবং নন্দন চন্দ্র মাদক কারবারিদের লক্ষ্য করে ৮ রাউন্ড পিস্তলের গুলি বর্ষণ করে। এতে জসিম নামে এক মাদক কারবারি ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়। পরে তাকে আটক করার পাশাপাশি মোহনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, মাদকবিরোধী অভিযানে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে এক অস্ত্রধারী ঊরুতে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গত ২ এপ্রিল ইসদাইরের ৫২ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে ৫৩টি গুলিসহ রেজ্জাক বাহিনীর প্রধান রেজ্জাক ও তার ছেলে ওয়াসিমকে গ্রেপ্তার করে পুলিশ। রেজ্জাকের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক, চাঁদাবাজিসহ ১২টি মামলা আছে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে মামলা করে। বর্তমানে রেজ্জাক জামিনে থাকলেও তাঁর ছেলে ওয়াসিম কারাগারে আছেন।
আপনার মতামত লিখুন :