• ঢাকা
  • | |
Alifhostbd

কনসার্ট ফর বাংলাদেশ’- এর ৫৫ বছর, ‘দ্য লিগ্যাসি’র মাধ্যমে বিশেষ শ্রদ্ধা


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd


বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মানবতার এক অনন্য দৃষ্টান্ত ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর ৫৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশ করা হয়েছে বিশেষ সংগীত পরিবেশনা ‘দ্য লিগ্যাসি’।



১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিশ্বখ্যাত সংগীতশিল্পী জর্জ হ্যারিসন ও সেতারসম্রাট পণ্ডিত রবিশঙ্করের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের মানুষের সহায়তায় আয়োজিত সেই কনসার্ট বিশ্বজুড়ে মানবতার প্রতীক হিসেবে আজও স্মরণীয়।

এই ঐতিহাসিক আয়োজনের ৫৫ বছর পূর্তিতে সংগীতায়োজক জাহাঙ্গীর আলম (শ্রাবণ) নির্মাণ করেছেন ‘দ্য লিগ্যাসি’ শিরোনামের বিশেষ সংগীতচিত্র।

এতে পণ্ডিত রবিশঙ্করের সেতারে পরিবেশিত কালজয়ী ‘বাংলা ধুন’-এর সুরের সঙ্গে চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জনপ্রিয় গান ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’ নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। ইতিহাস, দেশপ্রেম ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে একসূত্রে গেঁথে নির্মিত এই আয়োজন অতীতের স্মৃতি ও বর্তমান প্রজন্মের অনুভূতির এক অনন্য মেলবন্ধন তুলে ধরেছে।


সংগীত পরিবেশনায় সেতার বাজিয়েছেন জাহাঙ্গীর আলম (শ্রাবণ)। গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহমুদুল হাসান, পুতুল সাজিয়া সুলতানা এবং বর্ণালী সরকার।

জাহাঙ্গীর আলম (শ্রাবণ) বলেন, ‘এই উদ্যোগের উদ্দেশ্য শুধু একটি ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করা নয়; বরং নতুন প্রজন্মের কাছে ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সংগীতের মাধ্যমে বিশ্বমানবতার বার্তা পৌঁছে দেওয়া।’

তিনি আরও জানান, এই সংগীতচিত্রের মাধ্যমে পণ্ডিত রবিশঙ্করের অসামান্য অবদান এবং সত্যজিৎ রায়ের সৃষ্টিশীলতার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। আয়োজকদের আশা, ব্যতিক্রমী এই সংগীতায়োজন দেশ-বিদেশের দর্শক-শ্রোতাদের কাছে সমাদৃত হবে এবং ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরতে ভূমিকা রাখবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ