আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ‘ভিত্তিহীন’: ইরান
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
সংযুক্ত আরব আমিরাতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। এমনটাই অভিযোগ করেছে আরব আমিরাত। আর এই অভিযোগ নিয়ে ইরান ও আমিরাতের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
তেহরান অবশ্য আমিরাতের এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করে একে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে। একই সঙ্গে আঞ্চলিক দেশগুলোকে ইরানের বিরুদ্ধে এমন অভিযোগ না করার আহ্বানও জানিয়েছে দেশটি।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলেছে, এ অভিযোগের কোনও ভিত্তি নেই।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেন, আরব আমিরাতের এই অভিযোগ ‘ভিত্তিহীন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ওই বিবৃতিতে বাঘাই বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ভালো প্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির পরিপন্থি। একই সঙ্গে এটি আঞ্চলিক দেশগুলোর মধ্যে আস্থা তৈরির প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করে।’
তিনি বলেন, ‘আমরা আঞ্চলিক সব পক্ষকে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা থেকে বিরত থাকার আহ্বান জানাই।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান ‘উসকানিমূলক কর্মকাণ্ড’ বিবেচনায় নিতে হবে।
এ সময় তিনি ওই অঞ্চলে অতীতে সংঘটিত কথিত ‘ফলস-ফ্ল্যাগ’ অভিযানগুলোর কথাও উল্লেখ করেন।
প্রসঙ্গত, ‘ফলস-ফ্ল্যাগ’ অভিযান হলো এমন এক ধরনের সামরিক বা গোয়েন্দা কৌশল, যেখানে কোনও পক্ষ নিজের আসল পরিচয় লুকিয়ে প্রতিপক্ষের ছদ্মবেশে কোনও হামলা বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা করে।
এই প্রতারণার মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক মহল ও সাধারণ মানুষের চোখে প্রতিপক্ষকে অপরাধী হিসেবে দাঁড় করানো এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়ার একটি বড় অজুহাত তৈরি করা।
সহজ কথায়, ‘ফলস-ফ্ল্যাগ’ অভিযানে কাজটি করে এক পক্ষ, কিন্তু দায় চাপানো হয় সম্পূর্ণ অন্য বা বিরোধী পক্ষের ঘাড়ে।
আপনার মতামত লিখুন :