• ঢাকা
  • | |
Alifhostbd

বেলজিয়ামের বিশ্বকাপ দলে লুকাকু


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : May 15, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বেলজিয়াম। চোটের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে স্বস্তির খবর পেলেন রোমেলু লুকাকু। নাপোলির এই ফরোয়ার্ডকে রেখেই বিশ্বকাপের নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বেলজিয়াম।

লুকাকুর পাশাপাশি মাঝমাঠের মহাতারকা কেভিন ডি ব্রুইনা এবং রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কোর্তোয়া—এই তিনজনের জন্যই এটি হতে যাচ্ছে ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ আসর।

বেলজিয়ামের অন্যান্য তারকা খেলোয়াড়দের মধ্যে আছেন ম্যানচেস্টার সিটির জেরেমি ডকু, আর্সেনাল ফরোয়ার্ড লিয়ান্দ্রো ট্রোসার্ড। ২০১০-এর দশকের সেই বিখ্যাত 'সোনালী প্রজন্ম' (গোল্ডেন জেনারেশন)-এর অধিকাংশ তারকাই হয় তাদের ক্যারিয়ারের সেরা সময় পার করে এসেছেন, অথবা দল থেকেই বাদ পড়েছেন।

বেলজিয়ামের জার্সিতে এখন পর্যন্ত লুকাকু ১২৪টি, ডি ব্রুইনা ১১৭টি এবং কোর্তোয়া ১০৭টি ম্যাচ খেলেছেন। অভিজ্ঞতার দিক থেকে এবারের বিশ্বকাপে যেকোনো দলের চেয়ে নিঃসন্দেহে এগিয়ে থাকবেন এই ত্রয়ী। তবে অভিজ্ঞতার এই তালিকায় তাঁরা সবাই পিছিয়ে থাকছেন ৩৭ বছর বয়সী রক্ষণাত্মক মিডফিল্ডার আক্সেল উইটসেলের চেয়ে। বেলজিয়ামের হয়ে সর্বোচ্চ ১৩৬ ম্যাচ খেলা উইটসেলও এবার নিজের চতুর্থ বিশ্বকাপ টুর্নামেন্টে খেলতে নামছেন।

গত জুনে বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েলসের বিপক্ষে গোল করার পর থেকে প্রায় এক বছর ধরে বেলজিয়ামের হয়ে খেলেননি লুকাকু। গত বুধবারই ৩৩ বছরে পা দেওয়া লুকাকে ২০২৫-২৬ মৌসুমে চোটের কারণে মাত্র সাতটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। তা সত্ত্বেও চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও এভারটনের সাবেক এই তারকাকে নিজের ২৬ সদস্যের দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ রুডি গার্সিয়া। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার জন্য গত দুই মাস ধরে তিনি বেলজিয়ামেই অবস্থান করছেন। 

জাতীয় দলের হয়ে ১২৪ ম্যাচে রেকর্ড ৮৯ গোল করা লুকাকু বেলজিয়ামের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা; জাতীয় দলের হয়ে তিনি সর্বশেষ মাঠে নেমেছিলেন গত জুনে, ওয়েলসের বিপক্ষে।গত মার্চ ও এপ্রিলে বেলজিয়ামের হয়ে সর্বশেষ প্রীতি ম্যাচগুলোর স্কোয়াডে তাঁর নাম থাকলেও, ফিটনেসজনিত সমস্যার কারণে শেষ মুহূর্তে লুকাকু দল থেকে ছিটকে যান।

অন্যদিকে, জাতীয় দলের হয়ে থিবো কোর্তোয়া তাঁর সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন গত অক্টোবরে। চোটের সমস্যার কারণে বেলজিয়ামের সাম্প্রতিক স্কোয়াডগুলো থেকে তিনি বাদ পড়লেও, চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়া আক্রমণভাগে প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে থাকছেন আর্সেনাল ফরোয়ার্ড লিয়ান্দ্রো ট্রোসার্ড এবং ম্যানচেস্টার সিটি উইঙ্গার জেরেমি ডকু।

কোচ রুডি গার্সিয়া ১৭ বছর বয়সী মিডফিল্ডার নাথান ডি ক্যাটকে এবারের স্কোয়াডে রাখেননি; দলে জায়গা পেলে যিনি হতে পারতেন এবারের বিশ্বকাপের অন্যতম কনিষ্ঠ খেলোয়াড়। গত মার্চে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫-২ ব্যবধানে জয়ের ম্যাচটিতে বেলজিয়ামের জার্সিতে ডি ক্যাটের অভিষেক হয়েছিল। এছাড়া গত কয়েক মাস জুভেন্টাসের সাইডবেঞ্চে কাটানো ফরোয়ার্ড লোইস ওপেন্দাও চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন।

আগামী ১৫ জুন মিশরের বিপক্ষে ম্যাচ দিয়ে ‘জি’ গ্রুপে বেলজিয়াম তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এর ছয় দিন পর তারা মুখোমুখি হবে ইরানের এবং ২৭ জুন খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০১৮ সালের বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়াম, ২০২২ সালের আসরে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার হতাশা এবার নিশ্চিতভাবেই কাটিয়ে উঠতে চাইবে।

২০২৬ বিশ্বকাপের জন্য বেলজিয়ামের পূর্ণাঙ্গ স্কোয়াড:
গোলকিপার: থিবো কোর্তোয়া, মাইক পেন্ডার্স, সেনে ল্যামেন্স।

ডিফেন্ডার: টিমোথি কাস্তানিয়া, জেনো ডেবাস্ট, মাক্সিম ডি কুইপার, কোনি ডি উইন্টার, ব্র্যান্ডন মেচেল, থমাস মুনিয়ের, নাথান এনগয়, জোয়াকিন সিস, আর্থার থিয়েট।

মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা, আমাদু ওনানা, ইউরি তিলেমান্স, হান্স ভানাকেন, নিকোলাস রাস্কিন, আক্সেল উইটসেল।

ফরওয়ার্ড: চার্লস ডি কেটেলিয়ারে, জেরেমি ডকু, মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো, রোমেলু লুকাকু, দোদি লুকেবাকিও, ডিয়েগো মোরেইরা, অ্যালেক্সিস সেলেমেকার্স, লিয়ান্দ্রো ট্রোসার্ড।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ