এইচএসসি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা–২০২৬ এর আসন বিন্যাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ বোর্ডের অধীনে এবার মোট ৩১৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১২ মার্চ) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত কেন্দ্রগুলোর মধ্যে দেশের ভেতরে ৩০৮টি এবং বিদেশে ৮টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে। প্রকাশিত আসন বিন্যাস বা কেন্দ্র সংক্রান্ত কোনও আপত্তি থাকলে সংশ্লিষ্টদের আগামী ৩০ মার্চের মধ্যে শিক্ষা বোর্ডে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্র নির্ধারণ ও আসন বিন্যাস চূড়ান্ত করা হয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্র অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে আসন বিন্যাস প্রকাশের মাধ্যমে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার আনুষ্ঠানিক প্রস্তুতির গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হলো বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা–২০২৬ উপলক্ষে পরীক্ষা কেন্দ্র, কেন্দ্রের কোড নম্বর, কেন্দ্রাধীন কলেজসমূহ, সংশ্লিষ্ট কলেজের কোড নম্বর, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের দায়িত্ব সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়েছে। পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ পরিচালনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে নির্ধারিত নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের নিকট থেকে কেন্দ্র ফি গ্রহণ করবেন। একই সঙ্গে জেলা প্রশাসকের মাধ্যমে গোপনীয় প্রশ্নপত্র, অলিখিত উত্তরপত্রসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন।
পরীক্ষা চলাকালে প্রতিদিনের কার্যক্রম শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ওএমআর শিটের প্রথম অংশ ডাকযোগে ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। পাশাপাশি পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুসারে উত্তরপত্রসমূহ পরীক্ষা নিয়ন্ত্রকের বরাবর প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।
ভেন্যু কেন্দ্রগুলো মূল কেন্দ্র থেকে প্রয়োজনীয় অর্থ ও কাগজপত্র গ্রহণ করে পরীক্ষা পরিচালনা করবে। পরীক্ষা শেষে সংশ্লিষ্ট সকল নথিপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
এ ছাড়া জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এইচএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজগুলোর অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অথবা স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান কিংবা কলেজের জ্যেষ্ঠ শিক্ষক কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকবেন।
আপনার মতামত লিখুন :