বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা। সাক্ষাতে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা ও খাতটির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টি তুলে ধরেন। তারা খাতটির টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেন। এ খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।
এ সময় বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা এবং সেগুলোর সমাধানে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল, সহ-সভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, বর্তমান পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব ও বাদশা মিয়াসহ আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :