আদালতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে রাহুল গান্ধীর গাড়ি বহর
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং
ভারতের উত্তর প্রদেশের পূর্বানচল এক্সপ্রেসওয়েতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গাড়িবহরের পেছনের পাঁচটি যানবাহন একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। রাজ্যের রাজধানী লখনউ থেকে ১০০ কিলোমিটার দূরে হালিয়াপুরে এই দুর্ঘটনা ঘটে। এতে কয়েকজন দলীয় কর্মী ও নিরাপত্তারক্ষী আহত হলেও রাহুল গান্ধী সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
লখনউ বিমানবন্দর থেকে সুলতানপুরের দিকে যাওয়ার পথে গন্তব্যস্থল থেকে ৩৫ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি সংঘটিত হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক্সপ্রেসওয়ের দ্রুতগামী লেনে থাকা অ্যাম্বুলেন্সটির সঙ্গে বহরের একটি স্করপিও এসইউভি সংঘর্ষে জড়িয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বিজেপির সাবেক সভাপতি অমিত শাহের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের কারণে দায়ের করা এক মানহানি মামলায় বিশেষ এমপি-এমএলএ আদালতে হাজির হওয়ার জন্য সুলতানপুর যাচ্ছিলেন রাহুল গান্ধী।
আজই এই মামলার রায় ঘোষণার কথা রয়েছে, যা ২০১৮ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারণার সময়ে করা এক মন্তব্যের জেরে স্থানীয় বিজেপি নেতা বিজয় মিশ্র দায়ের করেছিলেন।
সূত্র: এনডিটিভি
আপনার মতামত লিখুন :