১১ বছর পর স্বদেশি ক্লাবে ফরাসি ডিফেন্ডার
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
প্রায় এক যুগ পর নিজ দেশের ক্লাব পিএসজিতে ফিরলেন লুকাস দিগনে। ইংল্যান্ডের ক্লাব অ্যাস্টন ভিলা থেকে তিন বছরের চুক্তিতে নিজের পুরোনো ঠিকানায় নাম লেখালেন ফ্রান্সের অভিজ্ঞ ডিফেন্ডার।
এক বিবৃতিতে দিগনেকে দলে ভেড়ানোর খবর জানিয়েছে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের টানা দুইবারের চ্যাম্পিয়ন পিএসজি।
২০১৩ সালে নিজের ক্যারিয়ারের শুরুর দিকে পাঁচ বছরের জন্য পিএসজিতে নাম লিখিয়েছিলেন দিগনে। তবে তৃতীয় বছরেই রিলিজ ক্লজের ৮৫ লাখ পাউন্ড পরিশোধ করে পিএসজির সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটান এই ডিফেন্ডার।
পিএসজির সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের আগে এক মৌসুম ধারে রোমায় খেলেন দিগনে। পরে ২০১৬ সালে তিনি চলে যান বার্সেলোনায়। স্প্যানিশ জায়ান্টদের হয়ে দুই মৌসুমে চারটি শিরোপা জিতে এভারটনে নাম লেখান দিগনে।
২০২২ সালে এভারটনের অধ্যায় শেষ করার পর দিগনের নতুন ঠিকানা হয় অ্যাস্টন ভিলা। সেখান থেকে আবার পিএসজিতে ফিরলেন তিনি। পুরোনো ঠিকানায় ফিরে সাফল্যের নতুন অভিযানের কথা বলেন দিগনে,
“দশ বছরের বেশি সময় আগে দারুণ অভিজ্ঞতার পর আবারও পিএসজিতে ফিরতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। বিগত বছরগুলোতে ক্লাব যেভাবে উন্নতি করেছে, আমি মুগ্ধ।”
২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত প্রথম দফায় পিএসজির হয়ে ৩০ ম্যাচ খেলেছেন দিগনে। এবার নতুন মেয়াদে লেফট-ব্যাক অজিশনে খেলার জন্য নুনো মেন্দেসের সঙ্গে লড়াই করতে হবে তার।
আপনার মতামত লিখুন :