• ঢাকা
  • | |
Alifhostbd

কার্বন অর্থায়নে নতুন সম্ভাবনা, সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের সমঝোতা


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd



শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১ এর সিঙ্গাপুর প্যাভিলিয়নে দুই দেশের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং সিঙ্গাপুরের পক্ষে দেশটির সাসটেইনেবিলিটি ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মেলভিন অং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

শনিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সমঝোতা স্মারকটি প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় করা হয়েছে। এর লক্ষ্য আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা, কার্বন অর্থায়ন ও পরিবেশবান্ধব বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং দেশের জাতীয়ভাবে নির্ধারিত জলবায়ু অবদান (এনডিসি ৩.০) বাস্তবায়নে সহযোগিতা জোরদার করা।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্যারিস চুক্তির আওতায় সিঙ্গাপুরের সঙ্গে এ গুরুত্বপূর্ণ অংশীদারিত্বকে বাংলাদেশ আন্তরিকভাবে স্বাগত জানায়। এ সহযোগিতা কার্বন অর্থায়নের নতুন সুযোগ সৃষ্টি, উচ্চমানসম্পন্ন ও স্বচ্ছ কার্বন বাজারের বিকাশ এবং বাংলাদেশের এনডিসি ৩.০ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, টেকসই উন্নয়ন, জলবায়ু বিষয়ে উচ্চাভিলাষী লক্ষ্য অর্জন এবং কার্যকর বৈশ্বিক জলবায়ু কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সমঝোতা স্মারকের আওতায় দুই দেশ কার্বন ক্রেডিট-সংক্রান্ত তথ্য, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবে। পাশাপাশি পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে কার্বন নিঃসরণ কমানোর প্রকল্পে ভবিষ্যৎ সহযোগিতা জোরদার করবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উদ্যোগের ফলে বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন কার্বন বাজার গড়ে তোলার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে জলবায়ুবান্ধব প্রযুক্তি হস্তান্তর, বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে। দেশের টেকসই ও নিম্ন-কার্বন উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং জাতীয় জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনেও এ সহযোগিতা সহায়ক হবে।

সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় আগামী বছর ইথিওপিয়ায় অনুষ্ঠেয় কপ-৩২ সম্মেলনে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা রয়েছে। এর মাধ্যমে প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় দুই দেশের সহযোগিতাকে আরও কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ তৈরি হবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ