শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : May 30, 2026 ইং
বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, স্মরণসভা ও খাদ্য বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনগুলো। বিভিন্ন কর্মসূচিতে নেতারা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা তুলে ধরেন।
চট্টগ্রাম
সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়ানগরস্থ’ তাঁর প্রথম সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের ঢল নামে। এ ছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালন করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে সমাধিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা সর্বস্তরের মানুষের উপস্থিতিতে শ্রদ্ধা জানান।
সকালে রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের জিয়ানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এ সময় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, হুম্মাম কাদের চৌধুরী ও জসিম উদ্দিন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিভিন্ন জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী জিয়ানগরে সমবেত হয়ে সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।
রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও জিয়ারত করা হয়।
এ সময় শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল সামলাতে রাঙ্গুনিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার বিচার হবে কি না, সে সিদ্ধান্ত দেশের বিচার বিভাগ নেবে, কোনো রাজনৈতিক দল নয়।
তিনি আরও বলেন, তাঁর প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্রের ধারা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, সকালে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় অবস্থিত বিপ্লব উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
জেলা প্রশাসনের আয়োজনে চট্টগ্রামস্থ জিয়া স্মৃতি জাদুঘরে সকাল ১১টায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এতে সভাপত্বি করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় তাঁর প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি।
মহানগর বিএনপি’র আহ্বায়ক আলহাজ¦ এরশাদ উল্লাহ’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদস্য সচিব নাজিমুর রহমান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ¦ মো. ইদ্রিছ মিয়ার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা জানান। এরপর তারা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
একইভাবে চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি’র পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। উত্তরজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুছ চৌধুরী বলেন, শনিবার জিয়াউর রহমানের প্রথম সমাধিতে হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানিয়েছেন।
চট্টগ্রাম মহানগর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদল পৃথকভাবে কর্মসূচি পালন করেছেন।
সংগঠনগুলো শহীদ জিয়ার প্রথম সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
এ ছাড়া, বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এদিকে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী স্মরণে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করেছে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র।
কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ‘স্বাধীনতার ঘোষক জিয়া’, আলোচনা অনুষ্ঠান ‘মৃত্যুঞ্জয়ী স্বাধীনতার ঘোষক’, সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে কবিতাপাঠ ও সংগীতানুষ্ঠান ‘কমল থেকে শহিদ জিয়া’, বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আমরা কমল কুঁড়ি’, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন উক্তি সংবলিত বিশেষ গ্রাফিক্স ভিডিও সম্প্রচার চলমান আছে।
রাজশাহী
সকালে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হয়। কর্মসূচিতে অংশ নিয়ে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে নতুন করে সুসংগঠিত করার কাজ করে যাচ্ছেন। পরে শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বরিশাল
দক্ষিণ জেলা বিএনপি’র উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। পরে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং দেশকে স্বনির্ভর করতে নানামুখী ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিলেন।
খুলনা
নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলনের পর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও মহানগরী ছাড়াও বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও দলটির পক্ষ থেকে পৃথক পৃথক কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।
জেলায় ও মহানগর বিএনপি আলাদা আলাদা আলোচনা সভার আয়োজন করে। সভায় নেতাকর্মীরা শহীদ জিয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি আজীবন কাজ করে গেছেন। বক্তারা জিয়ার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নাটোর
জেলা পরিষদ মিলনায়তনে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলসহ দলের স্থানীয় শীর্ষ নেতারা। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়েই বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সাতক্ষীরা
কালিগঞ্জে শাহাদাতবার্ষিকী উপলক্ষে একটি ব্যতিক্রমী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ঢাকা ও সাতক্ষীরার বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনভর স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দেন। প্রত্যন্ত অঞ্চলের রোগীরা বিনামূল্যে এই উন্নত চিকিৎসা সেবা পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নারায়ণগঞ্জে
জেলা যুবদল নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ রুবেল হোসেনের উদ্যোগে এক ব্যতিক্রমী ও বিশাল আয়োজন করা হয়। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ নগরীর শিবু মার্কেট এলাকায় অসহায় ও গরিব মানুষের মাঝে বিতরণের জন্য সম্পূর্ণ ব্যক্তিগত ব্যবস্থাপনায় একশ ডেগ খিচুড়ি রান্না করা হয়, যা জেলায় এই বছরের সবচেয়ে বড় আয়োজন। এছাড়া দিনব্যাপী কোরআন খানি, মিলাদ মাহফিল এবং জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি
ঝালকাঠিতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘স্বাধীনতা সংগ্রাম, বহুদলীয় গণতন্ত্র এবং স্বনির্ভর বাংলাদেশের রূপকার জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য জিবা আমিনা আল গাজী। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
এছাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি নাসিমুল হাসান খান ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশপ্রেম, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে তার অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় উন্নয়ন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাদারীপুর
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘একটি দল বাংলাদেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছে এবং দেশ বিক্রির ষড়যন্ত্র করছে, কিন্তু তারা সফল হতে পারেনি।’
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডাসার ইউনিয়ন বিএনপির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদী দল স্বাধীনতার শক্তি হিসেবে জনগণের পাশে রয়েছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন রণাঙ্গনের বীর যোদ্ধা।’
অনুষ্ঠানে ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এমারাত হোসেন খান, ইউনিয়ন বিএনপির সভাপতি মান্নান সরদার ও সাধারণ সম্পাদক সৈয়দ শাহিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
জামতৈল রেলওয়ে স্টেশন দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস। পরে স্থানীয় শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এমপি। সভাপতিত্ব করেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান এমপি, শাহাদাত হোসেন সেলিম এমপি ও জেলা পরিষদের প্রশাসক শাহাব উদ্দিন সাবু। অনুষ্ঠানে গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
পিরোজপুর
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে। জেলা জুড়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ, বিএনপির জেলা ও উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো ব্যাজ ধারণসহ নানা কর্মসূচি পালন করা হয়।
জেলা বিএনপির উদ্যোগে একটি শোক মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমির শহীদুল আলম নিরু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন, বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ফেনী
যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ফেনীতে নানা আয়োজনে পালিত হয়েছে। বিকেলে শহরের বড় জামে মসজিদ প্রাঙ্গণে দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্যসচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এম এ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল ও সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, যুবদল নেতা নাসির উদ্দিন খন্দকার ও নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন কর্মসূচিতে অংশ নেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, এক কঠিন সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশ ও জাতির হাল ধরেছিলেন। তিনি কেবল বিএনপির প্রতিষ্ঠাতাই নন, এ দেশের মহান স্বাধীনতার ঘোষক। তিনি এ দেশের উন্নয়ন অগ্রগতির অগ্রনায়ক ছিলেন। একইভাবে আরেক ক্রান্তিকালে দেশের দায়িত্ব নিয়েছিলেন তাঁরই সহধর্মিণী বেগম খালেদা জিয়া। দেশের শান্তি ও উন্নয়ন অগ্রগতিতে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের যোগ্য উত্তরাধিকার হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে।
এর আগে, বাদ আসর বড় জামে মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে আয়োজিত এসব কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভা, দোয়া মাহফিল, শোক মিছিল ও মানবিক কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান স্মরণ করা হয়। একইসঙ্গে তার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আপনার মতামত লিখুন :