• ঢাকা
  • | |
Alifhostbd

বিশ্ব রেকর্ডে নবাগত কুরাসাওয়ের ইতিহাস


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

জার্মানির বিপক্ষে ৭-১ গোলের বিপর্যয়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল বিশ্বকাপের নবাগত দল কুরাসাও। ইকুয়েডরের বিপক্ষে দাঁতে দাঁত চেপে লড়াই করে তারা পেয়ে গেল ফিফা বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্ট।

ক্যানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালের ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে কুরাসাও। দুই দলের জন্যই চলতি বিশ্বকাপে এটি প্রথম পয়েন্ট।

তবে কুরাসাওয়ের জন্য এটি নিশ্চিতভাবেই একটু স্পেশাল। মাত্র ৪৪৩ বর্গ কিলোমিটার ও দেড় লাখের কিছু বেশি জনসংখ্যার দেশটি প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে দ্বিতীয় ম্যাচেই পেল পয়েন্টের স্বাদ। 

কুরাসাওকে ইতিহাসগড়া পয়েন্ট এনে দেওয়ার কারিগর দেশটির গোলকিপার এলয় রুম। ইকুয়েডরের একের পর এক আক্রমণ ঠেকিয়ে নিজেদের জাল অক্ষত রাখেন ৩৭ বছর বয়সী এই গোলকিপার।

সব মিলিয়ে ম্যাচে ১৫টি সেভ করেন রুম। বিশ্বকাপ ইতিহাসে ৯০ মিনিটে শেষ হওয়া ম্যাচগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ সেভের বিশ্ব রেকর্ড।

ফিফা বিশ্বকাপে এক ম্যাচে এর চেয়ে বেশি সেভ আছে শুধু টিম হাওয়ার্ডের। ২০১৪ সালে বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ১৬টি সেভ করেন হাওয়ার্ড। তবে সেদিন খেলা গড়িয়েছিল অতিরিক্ত সময়ে।

ইকুয়েডর ও কুরাসাওয়ের ড্রয়ে নিশ্চিত হয়েছে 'ই' গ্রুপ থেকে জার্মানিই হবে গ্রুপ চ্যাম্পিয়ন। এছাড়া ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আইভরি কোস্ট।

ম্যাচজুড়ে দাপট দেখিয়ে খেলে ইকুয়েডর। সব মিলিয়ে ৭৫ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে গোলের জন্য তারা করে ২৬টি শট। এর মধ্যে ১৫টি লক্ষ্য বরাবর থাকলেও, কোনোটিই রুমের দেয়াল পার হয়নি।

বিপরীতে কুরাসাও চেষ্টা করেছে আক্রমণে ওঠার। বল খুব বেশি সময় নিজেদের কাছে না পেলেও, ১০টি শট তারা করে গোলের জন্য। এর মধ্যে ৪টি থাকে লক্ষ্য বরাবর। কিন্তু কোনোটিই শেষ পর্যন্ত জালের ঠিকানা খুঁজে পায়নি।

তবু সব মিলিয়ে কুরাসাও সমর্থকদের জন্য এটিই ছিল আনন্দ-উচ্ছ্বাসের উপলক্ষ্য। ম্যাচজুড়ে গ্যালারিতে নিজ দলের সমর্থনে গলা ফাটান তারা। আর নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার বাঁশি বাজতেই প্রথম পয়েন্টের আনন্দে ভাসে কুরাসাও।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ