বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2026 ইং
ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার পর ফের বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। বুধবার ব্যারেলপ্রতি প্রায় এক শতাংশ বেড়েছে তেলের দাম।
রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, ব্রেন্ট ক্রুড ৮৩ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬৮ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৮৮ দশমিক ৯৭ ডলারে পৌঁছেছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে ইসরায়েল ও ইরান একে অপরের ওপর সরাসরি হামলা বন্ধ করায় গতকাল মঙ্গলবার ব্রেন্ট তেলের দাম ১৭ এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে এবং ডব্লিউটিআই তেলের দাম ২৯ মের পর সর্বনিম্ন অবস্থানে নেমে আসে।
মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালির কাশম দ্বীপে হামলা করে মার্কিন সেনাবাহিনী। জবাবে পাল্টা হামলা চালিয়েছে তেহরানও।
উভয় দেশে হামলা-পাল্টা হামলার মধ্যে তেলের বাজারে এলো দুঃসংবাদ। সামনে এই তেলের বাজারে আরো অস্থিরতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর একাধিক দফায় হামলা চালানোর পর এশিয়ার শেয়ারবাজারে দরপতন হয়েছে এবং তেলের দাম বেড়ে গেছে। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনা বিনিয়োগকারীদের ক্রমেই উদ্বিগ্ন করে তুলছে। এমনকি কয়েক মাস ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে আশাও ক্রমেই ক্ষীণ হয়ে পড়ছে। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ ইতোমধ্যে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে এবং মূল্যস্ফীতি নিয়েও উদ্বেগ তৈরি করেছে।
ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি বলছে, ইরানে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার পর জাপানের নিক্কেই সূচক ০ দশমিক ৯ শতাংশ কমেছে। অন্যদিকে প্রযুক্তিনির্ভর দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ২ শতাংশ পড়ে গেছে।
এছাড়া লেনদেনের শুরুতে তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৯৭ ডলারে উঠেছে।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়ে সাত সপ্তাহের সর্বনিম্ন অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা এবং যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত আরও উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার তথ্য প্রকাশের পর তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা যায়।
আপনার মতামত লিখুন :