সিলেটের মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে কমিটি
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা ফিরিয়ে আনতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে এই কমিটি মাজারের আর্থিক ব্যবস্থাপনার একটি ‘যৌক্তিক ও গ্রহণযোগ্য পদ্ধতি’ নির্ধারণ করবে।
শুক্রবার (২৬ জুন) সকালে সিলেট সার্কিট হাউজে হযরত শাহজালাল (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত এক বিশেষ বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সম্প্রতি শাহজালাল মাজারের দানবাক্সে তালা দেওয়া নিয়ে নানা আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে দরগাহর উন্নয়ন ও দানের টাকা ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে একটি সমন্বিত উদ্যোগের বিষয়ে সবাই একমত হন।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সিলেটের ডিআইজি, সিলেট মহানগর পুলিশ কমিশনার, মাজারের মোতাওয়াল্লি পরিবারের ২ জন সদস্য, মাজার মাদ্রাসা ও মসজিদের ২ জন প্রতিনিধি, কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের জানান, দরগাহর উন্নয়ন, দানের অর্থ ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রমে একটি যৌক্তিক সমাধানে পৌঁছাতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আর্থিক হিসাবে স্বচ্ছতা আনার বিষয়ে মাজার কর্তৃপক্ষসহ সবাই একমত হয়েছেন। সবার মতামতের ভিত্তিতেই এই কমিটি গঠন করা হয়েছে, যা আগামী এক মাসের মধ্যে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে।
তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হলো পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা। আপাতত বিদ্যমান কমিটি নিয়ম অনুযায়ী দানবাক্সের টাকা গণনা করবে এবং তা মাজারের চলমান ব্যাংক হিসাবে জমা রাখা হবে।
বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নেওয়া পূর্ববর্তী উদ্যোগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা পেছনের ঘটনা নিয়ে আলোচনা না করে সামনে এগিয়ে যেতে চাই। কাজ করার দুটি পদ্ধতি থাকে-একটি হলো একা কাজ করা, অন্যটি সবাইকে নিয়ে কাজ করা। আমরা সবাইকে নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছি, যাতে সবার অংশগ্রহণ থাকে এবং কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়। এতে স্বচ্ছতাও আসবে, সবার অংশগ্রহণও নিশ্চিত হবে।
এর আগে, সার্কিট হাউসে অনুষ্ঠিত রুদ্ধদ্বার সভায় দরগাহর ঐতিহ্য রক্ষা, ব্যবস্থাপনা পদ্ধতি এবং উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় স্থানীয় রাজনীতিবিদ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :