• ঢাকা
  • | |
Alifhostbd

রাষ্ট্রপতির হার্টে ব্লক, বসানো হয়েছে স্টেন্ট (রিং)


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : May 13, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে হৃদ্‌যন্ত্রে ব্লক ধরা পড়ায় জরুরি ভিত্তিতে সফলভাবে অ্যানজিওপ্লাস্টি করে স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক বলে বঙ্গভবনের প্রেস উইংকে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক।

তিনি জানান, যুক্তরাজ্যের কেমব্রিজে অবস্থিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট স্টেফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির অ্যানজিওগ্রাম করা হয়। এ সময় একটি ধমনিতে বড় ধরনের ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে অ্যানজিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ও তত্ত্বাবধানে রয়েছেন।

এর আগে, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। এরই ধারাবাহিকতায় হৃদ্‌রোগ-সংক্রান্ত জটিলতার ‘ফলোআপ’ চিকিৎসার অংশ হিসেবে তিনি কেমব্রিজের এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে গত ৯ মে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। নিজের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ