৩৯ বছর পর সেমি-ফাইনালে লিডস
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Apr 6, 2026 ইং
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাল লিডস ইউনাইটেড। ওয়েস্ট হ্যামকে হারিয়ে ৩৯ বছর পর এফএ কাপের সেমি-ফাইনালে উঠল তারা।
লন্ডনে রোববার রাতের কোয়ার্টার-ফাইনালে ওয়েস্ট হ্যামকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়েছে লিডস। মূল ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল দুই দল।
এর আগে ১৯৮৭ সালে সবশেষ এফএ কাপের সেমি-ফাইনালে উঠেছিল লিডস।
মনে হচ্ছিল, ইংলিশ প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট হ্যামের বিপক্ষে সহজেই জিতবে লিডস৷ ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল তারাই। তবে ইনজুরি টাইমে দুই গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় ওয়েস্ট হ্যাম।
পরে টাইব্রেকারে লিডসের নায়ক গোলরক্ষক লুকাস পেরি। ওয়েস্ট হ্যাম প্রথম শট মিস করার পর চতুর্থ শট ঠেকিয়ে দেন লিডসের এই গোলরক্ষক।
মূল ম্যাচে ২৬ মিনিটে আও তানাকার গোলে এগিয়ে যায় লিডস। পরে ৭৫ মিনিটে কালভার্ট-লেউইন পেনাল্টি থেকে গোল করলে ব্যবধান আরও বাড়ে তাদের।
জয়ের সুবাস তখন পেতেই শুরু করেছিল লিডস। কিন্তু ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে ম্যাথিউস ফার্নান্দেস ও সপ্তম মিনিটে অ্যাক্সেল দিয়াসি গোল করলে সমতা ফেরে ম্যাচে।
অতিরিক্ত ত্রিশ মিনিটে গোল পায়নি কোনো দল। টাইব্রেকারে দুই দলই নিজেদের প্রথম শট মিস করে। তবে লিডস বাকি ৪ শটেই গোল করে। ওয়েস্ট তিন শটে দুইটি গোল করতে পারলে বেজে যায় বিদায়ঘণ্টা।
সেমি-ফাইনালে চেলসির মুখোমুখি হবে লিডস। আরেক সেমি-ফাইনালে লড়বে ম্যানচেস্টার সিটি ও সাউদাম্পটন।
আপনার মতামত লিখুন :