• ঢাকা
  • | |
Alifhostbd

পঞ্চগড়ে ৮ ঘণ্টা পর বিএসএফের হাত থেকে ফিরল ২ স্কুলছাত্র


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Apr 22, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশি ছাত্রকে ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবির দ্রুত যোগাযোগ ও ঐকান্তিক প্রচেষ্টায় স্বল্পতম সময়ের মধ্যে তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকা থেকে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা ওই দুই শিক্ষার্থীকে আটক করে। ফেরত আসা শিক্ষার্থীরা হলো- ইন্দ্র (১৪), সে জেলার আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে এবং রশেয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। অন্যজন উদয় (১৪), একই এলাকার সমারু চন্দ্র রায়ের ছেলে এবং রশেয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

জানা যায়, গতকাল রাতে তারা সীমান্ত এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। আজ সকালে সীমান্তের মেইন পিলার ৪১৭-এর ৯ নম্বর সাব-পিলার এলাকায় তারা ছবি তোলতে যায়। এ সময় অসাবধানতাবশত ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে। প্রত্যক্ষদর্শী লাকি আক্তার জানান, বিএসএফ সদস্যরা তাদের আটক করার সময় শারীরিক নির্যাতন বা মারধরও করেছে।

শিক্ষার্থীদের আটকের খবর পাওয়ার পরপরই বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। বিজিবির তৎপরতায় বিকেলে উভয় বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

গড়িনাবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু জানান, বিজিবির অধিনায়ক (সিও) দ্রুত পদক্ষেপের কারণেই আজ বিকেলেই কিশোরদের ফিরে পাওয়া সম্ভব হয়েছে। এতে এলাকায় স্বস্তি ফিরেছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ