এএফসি চ্যাম্পিয়নস লিগে জয়ে শুরু ঋতুপর্ণাদের
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
এএফসি উইমেনস চ্যাম্পিয়নস লিগে নিজেদের অভিষেক ম্যাচে গতকাল দুপুরে হেরেছে রাজশাহী স্টারস। এই দলকে বাংলাদেশ নারী ফুটবল লিগে চ্যাম্পিয়ন করাতে অন্যতম অবদান ছিল ঋতুপর্ণা চাকমার। কিন্তু তিনি এখন মিয়ানমার লিগে খেলছেন। তাঁর দলও রাতে প্রতিযোগিতায় জয় দিয়ে শুভ সূচনা করেছে।
সোমবার রাতে ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে সিঙ্গাপুরের জুরং এফসিকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে মিয়ানমারের চ্যাম্পিয়ন ক্লাব আয়েয়াওয়াডি এফসি। দলের এই দাপুটে জয়ে গোলে অ্যাসিস্ট করে অবদান রেখেছেন বাংলাদেশের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা।
প্রাথমিক পর্বের 'এফ' গ্রুপের এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় আয়েয়াওয়াডি। প্রথমার্ধেই জালের দেখা পেতে পারতেন ঋতুপর্ণা। কিন্তু ১২ ও ২১ মিনিটে তাঁর নেওয়া দুটি দারুণ হেড রুখে দেন জুরংয়ের গোলকিপার হ্যাজেল লিম। এই অর্ধে জাপানি ফরোয়ার্ড ইউ কাসাইয়ের কয়েকটি প্রচেষ্টাও ব্যর্থ করে দেন সিঙ্গাপুরের এই গোলরক্ষক।
তবে নিজে গোল না পেলেও সতীর্থকে দিয়ে ঠিকই গোল করিয়েছেন ঋতুপর্ণা। ম্যাচের ৩৫ মিনিটে বাঁ-প্রান্ত থেকে ঋতুপর্ণার বাড়ানো দারুণ এক পাস থেকে বল পেয়ে জুরংয়ের রক্ষণভাগ ভেদ করে দলকে প্রথম লিড এনে দেন কাসাই।
বিরতির পর আয়েয়াওয়াডির দাপট যেন আরও বাড়ে। বদলি হিসেবে মাঠে নেমে ৫৫ ও ৭৮ মিনিটে জোড়া গোল করেন উইন থেইংগি তুন। এর মাঝে ৫৯ মিনিটে লিন মিন্ট মো আরও একটি গোল করলে ৪-০ ব্যবধানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ানমারের ক্লাবটি।
আগামী বৃহস্পতিবার নিজেদের পরবর্তী ম্যাচে লেবাননের ক্লাব নো লিমিটস এফসির মুখোমুখি হবে আয়েয়াওয়াডি। অন্যদিকে, একই দিনে চাইনিজ তাইপেইয়ের নিউ তাইপেই সিটি হ্যাং ইউয়ান এফসির বিপক্ষে মাঠে নামবে জুরং এফসি।
আপনার মতামত লিখুন :