পারেদেসকে নিষিদ্ধ না করার আহ্বান গাভির
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
ফিফা বিশ্বকাপ ফাইনাল শেষে নিউইয়র্কে আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাকর সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ই এই সংঘর্ষের সূচনা করেন। বিশেষ করে লিয়ান্দ্রো পারেদেস স্পেনের এরিক গার্সিয়াকে ঘুষি মারেন, গলা চেপে ধরেন এবং গাভিকে মাটিতে ফেলে দেন।
এ ঘটনার পরও স্পেনের মিডফিল্ডার গাভি মনে করেন, পারেদেসকে নিষিদ্ধ করা উচিত নয়। ম্যাচ শেষে দেশে ফিরে এল পার্তিদাজো দে কোপেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘না, আমার মনে হয় না পারেদেসকে নিষিদ্ধ করা উচিত। অবশ্যই এমন ঘটনা শিশুদের জন্য ভালো বার্তা নয়। তবে ফুটবলে শারীরিক লড়াই ও আগ্রাসনের একটি দিক সবসময়ই থাকে। আমার মতে, ম্যাচ চলাকালীন যদি রেফারি তাকে লাল কার্ড দেখাতেন, সেটাই যথেষ্ট হতো। শেষ পর্যন্ত এটি ফুটবল, আর আমি চাই এটি সেভাবেই থাকুক।’ প্রতিবেদন এনডিটিভির।
পারেদেসের আচরণের কারণে তার অন্তত তিন ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়ার আশঙ্কা রয়েছে। যদিও এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি ফিফা।
ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেররান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। এর মাধ্যমে ২০১০ সালের পর প্রথমবার এবং ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতে নেয় 'লা রোহা'।
ম্যাচের শেষদিকে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেস স্পেনের পাউ কুবারসির ওপর কঠোর ট্যাকলের কারণে লাল কার্ড দেখেন। এরপর ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। পুরো ম্যাচে লিওনেল স্কালোনির দল ছয়টি হলুদ কার্ডও দেখে।
ম্যাচ শেষ হওয়ার পর পারেদেস এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই দলের খেলোয়াড়, বদলি বেঞ্চের সদস্য এবং কোচিং স্টাফও সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে ম্যাচ কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মাঠে প্রথমে জানানো হয়েছিল, সংঘর্ষে জড়ানোর কারণে রেফারি স্লাভকো ভিনচিচ পারেদেসকে লাল কার্ড দেখিয়েছেন। তবে পরে ফিফা জানায়, এটি ছিল তাদের ধারাভাষ্যকারদের তথ্যব্যবস্থার একটি ভুল।
বিবিসি স্পোর্টকে ফিফা জানায়, ‘লাল কার্ডের তথ্যটি ভুলবশত প্রকাশিত হয়েছিল এবং কিছুক্ষণ পরই তা সংশোধন করা হয়।’ অর্থাৎ, ম্যাচ চলাকালীন বা শেষ হওয়ার পর পারেদেসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো লাল কার্ড দেখানো হয়নি।
এখন ফিফার শৃঙ্খলা কমিটি পুরো ঘটনার ভিডিও ও রেফারির প্রতিবেদন পর্যালোচনা করে পারেদেসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে কি না, সেটিই দেখার বিষয়।
আপনার মতামত লিখুন :