• ঢাকা
  • | |
Alifhostbd

৬ ছক্কার তাণ্ডবে বাটলারের নতুন ইতিহাস


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

পল ওয়াল্টারের বিদায়ের পর জস বাটলার যখন ক্রিজে গেলেন, জয় থেকে ৮২ রান দূরে ম্যানচেস্টার সুপার জায়ান্টস। টিম সাইফার্টকে নিয়ে তিনি শুরু করলেন তাণ্ডব। মাত্র ২০ বলে ৬ ছক্কায় খেললেন ৫১ রানের ইনিংস। যার সৌজন্যে উঠে গেলেন ইতিহাসের চূড়ায়।

ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে দ্য হান্ড্রেডের ম্যাচে ওয়েলশ ফায়ারকে ৯ উইকেটে হারিয়েছে ম্যানচেস্টার। ১৫৬ রানের লক্ষ্য ৬৯ বলেই জিতে গেছে বাটলারের দল। মাত্র ৩৬ বলে ৬২ রানের ইনিংস খেলেছেন সাইফার্ট। আর বাটলারের ব্যাট থেকে এসেছে ২০ বলে ৫১ রান। 

অপরাজিত ফিফটির সৌজন্যে স্বীকৃত টি-টোয়েন্টির প্রায় দুই যুগের ইতিহাসে এখন সবচেয়ে বেশি রানের মালিক বাটলার। কাইরন পোলার্ডকে টপকে চূড়ায় উঠেছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার। 

বিশ ওভারের ক্রিকেটে বাটলারের নামের পাশে এখন ৫২২ ম্যাচের ৪৭৪ ইনিংসে ৩৫.৪৮ গড়, ১৪৭.২৪ স্ট্রাইক রেটে ১৪ হাজার ৮৩৩ রান। ১০৬টি ফিফটির পাশাপাশি তিনি করেছেন ৯টি সেঞ্চুরি। আর ১৩৪৮ চারের সঙ্গে মেরেছেন ৬৫০টি ছক্কা।

পোলার্ডের চেয়ে ২১ রানে পিছিয়ে থেকে ম্যাচ শুরু করেন বাটলার। মার্কো ইয়ানসেনের বলে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরেই রেকর্ডটি নিজের করে নেন তিনি। পরের দুই বলে আবারও ছক্কা মেরে রেকর্ডের উদযাপনই যেন সারেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার।

সব মিলিয়ে নিজের খেলা শেষ ৮ বলের মধ্যে ৬টি ছক্কা মারেন বাটলার। আর পোলার্ডের চেয়ে ৩০ রানে এগিয়ে শেষ করেন ম্যাচ।

স্বীকৃত টি-টোয়েন্টিতে বাটলার ছাড়া ১৪ হাজারের বেশি রান আছে আরও ৫ জনের। ৬৬৩ ইনিংসে ১৪ হাজার ৮০৩ রান নিয়ে আপাতত দুই পোলার্ড। ৯২৩ চারের সঙ্গে ১ হাজার ১টি ছক্কা মেরেছেন পোলার্ড। ৭০ ফিফটির সঙ্গে করেছেন ২টি সেঞ্চুরি।

ইউনিভার্স বস ক্রিস গেইলের নামের পাশে মাত্র ৪৫৫ ইনিংসে ১৪ হাজার ৫৬২ রান। ১ হাজার ১৩২টি চারের পাশাপাশি রেকর্ড ১ হাজার ৫৬টি ছক্কা মেরেছেন তিনি। এছাড়া ৮৮ ফিফটির সঙ্গে ইতিহাসের সর্বোচ্চ ২২টি সেঞ্চুরিও করেছেন। 

এর বাইরে ১৪ হাজারের বেশি রান করেছেন অ্যালেক্স হেলস (৯২ ফিফটি ও ৭ সেঞ্চুরিতে ১৪ হাজার ৪৪৯), ডেভিড ওয়ার্নার (১১৮ ফিফটি ও ১০ সেঞ্চুরিতে ১৪ হাজার ২৮৪) এবং বিরাট কোহলি (১১০ ফিফটি ও ১০ সেঞ্চুরিতে ১৪ হাজার ২১৮)।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ