অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস।
শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। বাম পায়ের কাফে চোটের কারণে গত জুন থেকে মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী এই ব্যাটার।
পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হওয়ায় তাকে প্রথম টেস্টের দলে রাখা হয়েছে।
বিসিবি জানিয়েছে, লিটন রোববার ডারউইনের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে দলের সঙ্গে যোগ দেবেন। তার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে প্রথম টেস্টে একাদশে খেলার বিষয়টি বিবেচনা করা হবে।
আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
এর আগে ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৬ আগস্ট, ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।
এর আগে চোটের কারণে লিটন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ এবং পরবর্তী সময় মাঠের বাইরে ছিলেন। দীর্ঘ পুনর্বাসনের পর তাকে আবারও টেস্ট দলে ফিরিয়ে আনল টিম ম্যানেজমেন্ট।
প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, শাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান ও লিটন কুমার দাস।
আপনার মতামত লিখুন :