মিশরীয় তরুণের জোড়া গোলেও পারল না বার্সেলোনা
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
প্রতিযোগিতামূলক লড়াইয়ে নামার আগে প্রাক-মৌসুম প্রস্তুতির শুরুটা ঠিক মন মতো হলো না বার্সেলোনার। যুক্তরাজ্য সফরে নিজেদের প্রথম ম্যাচে বার্মিংহামের কাছে হেরে গেল স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
নিজেদের ঘরের মাঠ নাইটহেড স্টেডিয়ামে শুক্রবার রাতের ম্যাচে বার্সেলোনাকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়েছে বার্মিংহাম। এর আগে মূল ম্যাচে ছিল ২-২ সমতা।
স্পেনের হয়ে ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলার কারণে চলতি প্রাক-মৌসুম সফরে নেই বার্সেলোনার বেশিরভাগ ফুটবলার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া দলের সঙ্গে যোগ দিলেও চোটের কারণে মাঠে নামেননি।
মূল দলের নিয়মিত ফুটবলারদের মধ্যে শুধু ভয়চেখ শেজনিকে নিয়ে দল সাজান হান্সি ফ্লিক। একাডেমি ও বার্সেলোনা বি দলের ফুটবলারদের নিয়ে গড়া একাদশে আলো ছড়ান মিশরের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড হামজা আব্দেলকরিম।
ফিফা বিশ্বকাপে মিশরের হয়ে ৪ ম্যাচ খেলা উদীয়মান তারকা এদিন দুই অর্ধে করেন দুই গোল। যার সৌজন্যে একপর্যায়ে জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত তা হয়নি।
ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের তারকা জুড বেলিংহাম। ২০১৯-২০ মৌসুমে পেশাদার ক্যারিয়ারের শুরুতে বার্মিংহামের হয়ে চল্লিশের বেশি ম্যাচ খেলেছিলেন রিয়াল মাদ্রিদের ২৩ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার।
ঢিমেতালে শুরু হওয়া ম্যাচে বার্সেলোনাকে ৩০ মিনিটের মাথায় চমকে দেয় স্বাগতিকরা। বাম পাশ থেকে আসা ক্রসে সবার চেয়ে ওপরে লাফিয়ে নিখুত হেডে বল জালে জড়ান অগাস্ত-প্রিস্ক ফ্লিগার।
বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি বার্সেলোনার। লিড নেওয়ার ৯ মিনিটের মধ্যে নিজেদের ডি-বক্সে হামজা আব্দেলকরিমকে ফাউল করেন ক্রিস্টোফ ক্ল্যারার। পেনাল্টি পায় বার্সেলোনা। আব্দেলকরিমই দায়িত্ব নিয়ে ম্যাচে সমতা ফেরান।
বিরতি থেকে ফেরার সময় একসঙ্গে চার ফুটবলারকে পরিবর্তন করেন ফ্লিক। দ্বিতীয়ার্ধের শুরুতে গোছানো ফুটবল খেলে লিড পেয়ে যায় বার্সেলোনা।
ম্যাচের ৬০ মিনিটের মাথায় দূরপাল্লার শটের চেষ্টা করেন রুনি বার্দজি। তার শট ঠিকঠাক ফেরাতে পারেননি বার্মিংহামের গোলকিপার। ফিরতি বল খুব কাছেই পেয়ে চমৎকার ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন আব্দেলকরিম।
২-১ গোলে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শেজনি, আব্দেলকরিম এর সঙ্গে আরও ৪ ফুটবলারকে তুলে নেন ফ্লিক৷ সম্ভাবনাময় ফুটবলারদের পরখ করাই ছিল বার্সেলোনার জার্মান কোচের লক্ষ্য।
শুরুর একাদশ প্রায় পুরোটা বদলে ফেলার ৮ মিনিটের মধ্যে আবার গোল হজম করে বার্সেলোনা। ডান পাশ থেকে নেওয়া ফ্রি কিকে হেড করেন ক্ল্যারার। ফাঁকায় পেয়ে অনায়াসে বল জালে জড়ান জন সলিস।
এরপর ৭৩ মিনিটের মাথায় রীতিমতো গোলার মতোই শট নেন কোক্রেন ইয়েবোয়া। তবে ক্রসবারে প্রতিহত হয় তার শট। তাই এগিয়ে যাওয়া হয়নি স্বাগতিকদের।
কিছুক্ষণ পর বার্মিংহাম একসঙ্গে পরিবর্তন করে ৯ ফুটবলার। তবে দুই দলের কেউই বাকিসময়ে আর জালের ঠিকানা খুঁজে নিতে পারেননি। ফলে নির্ধারিত ৯০ মিনিটে ২-২ থাকে ম্যাচ।
অন্যান্য প্রীতি ম্যাচের চেয়ে কিছুটা পরিবর্তন এনে এদিন খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে দারুণ ক্ষিপ্রতায় বার্সেলোনার ৩টি শট ঠেকিয়ে বার্মিংহামকে স্মরণীয় জয় এনে দেন ২২ বছর বয়সী গোলকিপার জেমস বিডল।
আপনার মতামত লিখুন :