জনপ্রিয়তা বাড়াতে ইতালির প্রধানমন্ত্রী বন্ধু হতে চাইছেন: ট্রাম্প
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার চলমান বাগযুদ্ধ এবার চরম আকার ধারণ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে তীব্র আক্রমণ করেছেন এই দুই নেতা। সর্বশেষ এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ইতালিতে মেলোনির জনপ্রিয়তা এখন তলানিতে এবং নিজের হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধার করতেই তিনি আবারও ট্রাম্পের 'বন্ধু' হতে চাইছেন।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে' ট্রাম্প দাবি করেন, ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলন চলাকালীন মেলোনি তার সঙ্গে একটি ছবি তোলার জন্য 'বারবার অনুনয়' করেছিলেন। ট্রাম্পের অভিযোগ, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উদ্যোগে মেলোনি সমর্থন দেননি এবং ইরানে মার্কিন সামরিক অভিযানের জন্য ইতালির বিমানঘাঁটিও ব্যবহার করতে দেননি। ট্রাম্প লেখেন, এখন যুক্তরাষ্ট্র সামরিকভাবে ইরানকে পরাস্ত করার পর নিজের জনপ্রিয়তার গ্রাফ বাড়াতে উনি আবার বন্ধু হতে চাইছেন।
ট্রাম্পের এই দাবির কড়া জবাব দিয়েছেন জর্জিয়া মেলোনি। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি ট্রাম্পের এই আচরণকে 'অনবরত এবং বিনা উসকানিতে আক্রমণ' বলে উল্লেখ করে একে 'অর্থহীন' আখ্যা দেন। ট্রাম্পকে নিজের কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়ে মেলোনি বলেন, আমার জনপ্রিয়তার কথা যদি বলি, আপনার বন্ধু হওয়াটা নিশ্চিতভাবেই তাতে কোনো সাহায্য করেনি। আর আমার জনপ্রিয়তা আপনার সঙ্গে সম্পর্কের ওপর নির্ভরও করে না।
ছবি তোলার জন্য 'অনুনয়' করার বিষয়টি তীব্র বিস্ময়ের সঙ্গে নাকচ করে তিনি বলেন, আমি বা ইতালি-কেউই কখনও কারও কাছে অনুনয় করে না।
ইতালির সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দিয়ে মেলোনি যুক্তরাষ্ট্রের জন্য 'বিরাট লজিস্টিক্যাল সমস্যা' তৈরি করেছেন বলে ট্রাম্প যে অভিযোগ তুলেছেন, তারও সুস্পষ্ট জবাব দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, ইতালির সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়টি নির্দিষ্ট চুক্তির অধীন এবং যতদিন তিনি ক্ষমতায় আছেন, ততদিন এই চুক্তি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না।
ট্রাম্পের নীতির কড়া সমালোচনা করে মেলোনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিত্রদের সঙ্গে কঠোর আচরণ করলেও শত্রুদের প্রতি তার মনোভাব অনেক বেশি নমনীয়, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মেলোনির এই অনমনীয় অবস্থানের পক্ষে ইতালির রাজনৈতিক মহল জোরালো সমর্থন ব্যক্ত করেছে। সূত্র: আল জাজিরা
আপনার মতামত লিখুন :