• ঢাকা
  • | |
Alifhostbd

ইরানের সঙ্গে আলোচনায় সুইজারল্যান্ড যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ইরানের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক ও কূটনৈতিক সমঝোতা নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনায় নেতৃত্ব দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। মার্কিন কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

শনিবার (২০ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে প্রথমে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফরের কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। পরে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেওয়া হয় স্টিভ উইটকফকে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সূত্রের বরাতে জানিয়েছে, সাবেক হোয়াইট হাউস উপদেষ্টা ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও সম্ভাব্য এই আলোচনায় অংশ নিতে পারেন। তবে বৈঠকটি ঠিক কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতির ফলে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার পথের একটি বড় বাধা দূর হয়েছে।

এর আগে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান চলমান থাকায় তেহরান আলোচনায় অনাগ্রহ দেখায়। ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে, বিশেষ করে লেবাননে সংঘাত বন্ধের বিষয়টিকে আলোচনার গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে তুলে ধরা হয়েছিল।

ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির খবর সামনে আসার পরই স্টিভ উইটকফের সুইজারল্যান্ড সফরের তথ্য প্রকাশ পায়। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা নতুন করে জোরালো হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে প্রথম দফার আলোচনা করতেই সুইজারল্যান্ডে যাচ্ছেন উইটকফ।

এর আগে বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউস জানায়, জেডি ভ্যান্স আপাতত আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন না। তবে যুদ্ধবিরতির পরবর্তী পদক্ষেপ এবং ভবিষ্যৎ সমঝোতার বিষয়গুলো নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনার চূড়ান্ত সময়সূচি এখনও নির্ধারিত হয়নি। তবে দুই পক্ষের মধ্যে দ্রুত কারিগরি আলোচনা শুরু হবে বলে তারা আশাবাদী।

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে যে, বার্গেনস্টক রিসোর্টে নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক আপাতত স্থগিত করা হয়েছে। তবে আলোচনার প্রস্তুতি অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, লেবাননে চলমান সংঘাত এবং ইসরায়েলের সামরিক অভিযানের কারণেই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনায় অংশ নেওয়া থেকে বিরত থাকেন।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে জানিয়েছেন, তিনি ইসরায়েলি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ