পিসিবির নিষেধাজ্ঞার মুখে পাকিস্তানের একঝাঁক সাবেক ক্রিকেটার
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
জাম্বিয়ায় আয়োজিত ‘২০তম এশিয়ান লিজেন্ডস লিগ’-এ পাকিস্তানের কয়েকজন সাবেক ক্রিকেটারের অংশগ্রহণের বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট খেলোয়াড়দের কঠোর শাস্তিমূলক ব্যবস্থার ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, আইসিসির টুর্নামেন্ট অনুমোদন ও খেলোয়াড়দের ছাড়পত্র সংক্রান্ত বিধিমালা অনুযায়ী এই লিগটিকে একটি অননুমোদিত টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমনকি স্বাগতিক ‘জাম্বিয়া ক্রিকেট ইউনিয়ন’-এর কাছ থেকেও এটি কোনো ধরনের অনুমোদন পায়নি।
অননুমোদিত একটি লিগে অংশ নেওয়ার কারণে পাকিস্তানের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার পিসিবির নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। প্রায় ডজনখানিকেরও বেশি পাকিস্তানি খেলোয়াড় জাম্বিয়ায় আয়োজিত ‘এশিয়ান লিজেন্ডস লিগ’-এ খেলার জন্য চুক্তি করেছিলেন। গত সপ্তাহে দেশটির অফিশিয়াল ক্রিকেট বোর্ড ‘জাম্বিয়া ক্রিকেট ইউনিয়ন (জেডসিইউ)’ এক বিবৃতিতে পরিষ্কার করে জানায় যে, এই লিগটি জেডসিইউ দ্বারা অনুমোদিত বা সমর্থিত নয়।
পিসিবির পক্ষ থেকে আরও জানানো হয় যে, প্রয়োজনীয় ছাড়পত্র বা অনুমতি না নিয়ে যারা এই অননুমোদিত টুর্নামেন্টে অংশ নিয়েছেন, তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের ওপর দুই বছরের বড় ধরনের নিষেধাজ্ঞা আসবে। এর ফলে পিসিবির অনুমোদিত যেকোনো বিদেশি লিগে খেলার জন্য আগামী দুই বছর তাদের কোনো এনওসি বা অনাপত্তিপত্র দেওয়া হবে না।
একই সঙ্গে আগামী দুই বছর পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা পাকিস্তান সুপার লিগের (পিএসএল) যেকোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রম, কোচিং, মেন্টরিং বা পরামর্শকের দায়িত্বে তারা সম্পূর্ণ অযোগ্য বলে বিবেচিত হবেন।
বিজ্ঞপ্তির শেষাংশে পিসিবি উল্লেখ করে যে, যেকোনো বিদেশি টুর্নামেন্টে খেলার আগে খেলোয়াড়দের নিজ নিজ বোর্ড থেকে এনওসি নেওয়া বাধ্যতামূলক—এ কথা আইসিসি বারবার স্পষ্ট করে দিয়েছে। এমনকি এই ধরনের অননুমোদিত টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট সদস্য বোর্ডের ওপরই বর্তায়। আর এই নির্দেশিকা মানতে ব্যর্থ হলে খোদ দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পিসিবি এই নিয়মভঙ্গ ইতিমধ্যেই ঘটে গেছে বলে ধরে নিয়েছে। গত ৩০ জুলাই শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নিচ্ছে, যার মধ্যে 'পাকিস্তান প্যান্থার্স' নামের দলটি পুরোপুরি পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে গঠিত। প্যান্থার্স দল এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে।
টুর্নামেন্টের বাকি দলগুলো হলো—ইন্ডিয়ান রয়ালস, শ্রীলঙ্কান লায়ন্স, বাংলাদেশ টাইগার্স, আফগানিস্তান পাঠান্স এবং এশিয়ান স্টারস। এই দলগুলোতে ৯টি ভিন্ন দেশের ক্রিকেটাররা অংশ নিলেও, একমাত্র পিসিবিই তাদের খেলোয়াড়দের অংশগ্রহণকে নিয়মভঙ্গ উল্লেখ করে শাস্তির হুমকি দিয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি জারি করেছে।
লিগের অফিশিয়াল ওয়েবসাইটে পাকিস্তান প্যান্থার্স দলের খেলোয়াড় হিসেবে যাদের নাম দেওয়া হয়েছে তারা হলেন: শারজিল খান, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, উমর আকমল, ইমরান নাজির, সাঈদ আজমল, সোহেল তানভীর, ইয়াসির শাহ, নাভিদ-উল-হাসান, মোহাম্মদ ইরফান, জুলফিকার বাবর, রাহাত আলী, হাসান রাজা, ইয়াসির ভাট এবং রানা নাঈম আনোয়ার। ক্রিকইনফো নিশ্চিত করেছে যে, এদের মধ্যে সবাই না হলেও বেশ কয়েকজন ইতোমধ্যে হয়ে যাওয়া ম্যাচগুলোতে অংশ নিয়েছেন।
আপনার মতামত লিখুন :