বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026 ইং
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির পর তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কমেছে। এতে মূল্যবান ধাতুর ওপর সৃষ্ট চাপ কিছুটা কমেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ২৮৪ দশমিক ৬৭ ডলারে পৌঁছায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩০৪ দশমিক ৩০ ডলারে দাঁড়ায়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরের পর তেলের দাম কমে গেছে। চুক্তির আওতায় ইরান যুদ্ধের অবসান, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং তেহরানের তেল খাতের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা রয়েছে। ফলে বৈশ্বিক তেল সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা জোরদার হয়েছে।
ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির পর বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। এতে স্বর্ণের দাম পুনরায় বাড়ছে।’
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৮ দশমিক ২৪ ডলার এবং প্লাটিনামের দাম ০ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৭৩৫ দশমিক ৩৪ ডলারে নেমেছে। আর প্যালাডিয়ামের দাম অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১ হাজার ৩১২ দশমিক ৫৪ ডলারে স্থির রয়েছে।
এদিকে দেশে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :