• ঢাকা
  • | |
Alifhostbd

উইন্ডিজের ওয়ানডে দলে ফিরলেন হেটমায়ার


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

প্রায় এক বছর পর আবার ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরলেন শিমরন হেটমায়ার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আলো ছড়িয়েই মূলত শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেলেন ২৯ বছর বয়সী বাঁহাতি ব্যাটার।

জ্যামাইকার সাবিনা পার্কে বুধবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে সোমবার রাতে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। চোট কাটিয়ে দলে ফিরেছেন আলজারি জোসেফ।

গত বছরের জুনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর আর ওয়ানডে খেলার সুযোগ পাননি হেটমায়ার। এই সময়ে পাকিস্তান, বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলেছে ক্যারিবিয়ানরা। তৃতীয় ওয়ানডের আগে দলে যোগ দেবেন তিনি। 

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪১.৩৩ গড় ও ১৮৬.৪৬ স্ট্রাইক রেটে ২৪৮ রান করে ওয়ানডেতে ফেরার দরজাটা খুলেছেন হেটমায়ার। অবশ্য সদ্য সমাপ্ত আইপিএলে একদমই ভালো করতে পারেননি। ৭ ইনিংসে ১১৩.০৪ স্ট্রাইক রেটে তার সংগ্রহ মাত্র ৭৮ রান।

নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়াদের মধ্যে রয়েছেন আলিক আথানেজ, জোহান লেইন, খ্যারি পিয়েরে ও রোমারিও শেফার্ড।

ওয়ানডেতে সবশেষ ৬ ওয়ানডের মধ্যে মাত্র একটি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সেটিও আবার টাই হওয়ার পর সুপার ওভারে জিতেছিল তারা। তবে ঘরের মাঠে সবশেষ ৪ সিরিজের প্রতিটিতেই জয়ী তারা। এবার লঙ্কানদের বিপক্ষেও জিতে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে চায় শাই হোপের দল।

বর্তমানে আইসিসি র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য ৯ নম্বরের ভেতরে থাকতে হবে তাদের।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর জ্যামাইকাতেই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর অ্যান্টিগায় হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। 

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড
শাই হোপ (অধিনায়ক, উইকেটরক্ষক), আকিম অগিস, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রস্টোন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, গুদাকেশ মোটি, শেরফান রাদারফোর্ড, জেডেন সিলস, শামার স্প্রিঙ্গার

আলোচিত শীর্ষ ১০ সংবাদ