• ঢাকা
  • | |
Alifhostbd

বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : May 28, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় অনুষ্ঠিত এ জামাতে অসংখ্য মুসল্লি অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই মুসল্লিরা জাতীয় মসজিদে আসতে শুরু করেন। জামাত শুরুর আগেই মসজিদের ভেতর ও আশপাশের এলাকা মুসল্লিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। নানা বয়সী ধর্মপ্রাণ মানুষ ঈদের নামাজ আদায়ে অংশ নেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

জানা গেছে, প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক।

ঈদুল আজহা উপলক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

এরমধ্যে দ্বিতীয় জামাতে ইমাম হিসেবে থাকবেন ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মসজিদের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাতে ইমামতি করবেন ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির হিসেবে থাকবেন মো. রুহুল আমিন।

সকাল ১০টার চতুর্থ জামাতে ইমামতি করবেন ইফার দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. আব্দুল হাদী।

পঞ্চম বা সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির হিসেবে থাকবেন মো. আমির হোসেন।

আর কোনো জামাতে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শামসুল হক।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ