• ঢাকা
  • | |
Alifhostbd

ডুবে থাকা রেললাইন ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 8, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

চার দিন ধরে থইথই করছে পানি। বৃষ্টির তোড়ে কোনটি রেললাইন আর কোনটি খালের হাঁটার পথ, তা বোঝার উপায় নেই। নগরের সুন্নিয়া মাদরাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার রেলপথ দুদিন ধরে পানির নিচে তলিয়ে আছে। এই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে চট্টগ্রাম নগরে ডুবে থাকা এই রেললাইন পরিদর্শনে যান রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম স্টেশন থেকে রেলওয়ের ট্র্যাক পরিদর্শনকারী বিশেষ যান ‘গ্যাংকারে’ চড়ে প্রশাসন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে দেখা যায়, নগরের ষোলোশহর স্টেশনের পরপরই রেলপথ পানির নিচে। মুরাদপুর পার হওয়ার পর সুন্নিয়া মাদরাসা এলাকায় রেললাইন ও পাশের খালের পানি একাকার হয়ে গেছে। শমসের পাড়া এলাকায় লাইনের ওপর তীব্র স্রোত বইছে। সেখানে গ্যাংকার থেকে নেমে রেল প্রতিমন্ত্রী ও সিটি মেয়র হাঁটুর ওপর পানি ডিঙিয়ে বেশ কিছু পথ হেঁটে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, এই সেকশন নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা হলো চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার দীর্ঘ রেললাইনটি আরও ৫ ফুট উঁচু করা। ইতোমধ্যে দরপত্রপ্রক্রিয়া শুরু হয়েছে। রেলপথ যখন উঁচু করা হবে তখন ৩ ফুট পানি বাড়লেও রেল চলাচল কোনো সমস্যা হবে না।

প্রতিমন্ত্রী বলেন, দুদিন ধরে যে বৃষ্টি হচ্ছে তা রেকর্ডসংখ্যক। অনেকে বলছেন গত ৪৫ বছরেও এত বৃষ্টি চট্টগ্রামে হয়নি। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে রেললাইন উঁচু করা, যাতে ভারী বৃষ্টি হলেও রেল চলাচল বিঘ্নিত না হয়।

রেলপথ নির্মাণে কোনো ত্রুটি নেই দাবি করে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‘৪৫ বছর আগে এ রকম বৃষ্টি হয়েছিল। আমরা এটা রেকর্ড রাখছি বৃষ্টিতে রেললাইন কী পরিমাণ ডুবে যাচ্ছে। কোথাও দুই ফুট, কোথাও তিন ফুট। তাই ভবিষ্যৎ পরিকল্পনা উঁচু করা, যাতে ডুবে না যায়।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা যাত্রীদের জন্য রেল যোগাযোগ স্বাভাবিক রাখতে চাই। কিন্তু বৃষ্টিতে লাইনে যে পরিমাণ পানি জমেছে তাতে রেল চলাচল করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। দুর্ঘটনা এড়ানোর জন্য এই বিরূপ আবহাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ বন্ধ রেখেছি। যারা টিকিট কেটে যেতে পারছেন না, তাঁদের টিকিটের অর্থ আমরা ফেরত দিয়ে দিব।’

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, লাইন ডুবে থাকায় এই রেলপথে প্রতিদিন চলাচলকারী চার জোড়া (দুই জোড়া চট্টগ্রাম থেকে এবং দুই জোড়া ঢাকা থেকে) ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। মঙ্গলবার সকালে কিছু সময়ের জন্য ট্রেন চললেও দুপুরের পর থেকে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ