অপেক্ষার প্রহর শেষ। অবশেষে ঘোষণা করা হয়েছে ঘরের মাঠে হতে যাওয়া বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্র দলের ২৬ সদস্যের স্কোয়াড। বিশ্বকাপ শুরুর আর দুই সপ্তাহ বাকি থাকতে নিউইয়র্কে এক বিশেষ অনুষ্ঠানে দল ঘোষণা করেন কোচ মাউরিসিও পচেত্তিনো।
দল ঘোষণার পর পচেত্তিনোর কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, ‘আমরা বিশ্বাস করি, সফল হওয়ার জন্য এটাই সেরা ২৬ জনের দল। সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে এই দল দেশের জন্য সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত।’
দলে প্রত্যাশামতোই আছেন ইউরোপে খেলা যুক্তরাষ্ট্রের পরিচিত তারকারা। ক্রিস্টিয়ান পুলিসিচ, টায়লার অ্যাডামস, ওয়েস্টন ম্যাকেনিদের ঘিরেই সাজানো হয়েছে দল। ২০২২ কাতার বিশ্বকাপে খেলা ১৩ জন আছেন এবারও, সঙ্গে প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া আরও ১৩ জন।
যুক্তরাষ্ট্র দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় পুলিসিচ। জাতীয় দলের হয়ে ৮৪ ম্যাচে ৩২ গোল করা এই ফরোয়ার্ডই ২০২২ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের একমাত্র জয়ের নায়ক ছিলেন। মঙ্গলবার দল ঘোষণার পর পুলিসিচ বললেন, ‘এই দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের। আপনাদের গর্বিত করার জন্য আমি সর্বোচ্চটা দেব।’
তবে দল ঘোষণায় চমকও কম নেই। অনেক দিন ধরেই জাতীয় দলে নিয়মিত নন জিও রেইনা। গত ডিসেম্বরের পর যুক্তরাষ্ট্রের হয়ে একাদশে জায়গা পাননি মিডফিল্ডার। তবু দ্বিতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। ধারণা করা হচ্ছে, তার জন্যই শেষ পর্যন্ত বাদ পড়েছেন ট্যানার টেসমান।
আরেকটি চমক আলেজান্দ্রো জেন্দেজাসকে দলে নেওয়া। ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার সম্ভবত জায়গা কেড়ে নিয়েছেন ডিয়েগো লুনার কাছ থেকে।
বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে আছে যুক্তরাষ্ট্র। ২০২১ সালের পর থেকে দলটি ১১ থেকে ১৮ নম্বরের মধ্যেই ঘোরাফেরা করছে। তবে বিশ্বকাপে তাদের ইতিহাস খুব উজ্জ্বল নয়। ১৯৫৪ থেকে ১৯৮৬ পর্যন্ত টানা বিশ্বকাপে খেলতে পারেনি যুক্তরাষ্ট্র।
এরপর গত আট আসরের সাতটিতেই জায়গা পেলেও শেষ ষোলো পেরোতে পেরেছে মাত্র একবার- ২০০২ সালে, সেবার উঠেছিল কোয়ার্টার-ফাইনালে।
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে ভিন্ন উদাহরণ টানছেন পচেত্তিনো। আর্জেন্টাইন বংশোদ্ভূত এই কোচ মুগ্ধ ১৯৮০ সালের যুক্তরাষ্ট্রের অলিম্পিক হকি দলের গল্পে, যারা অবিশ্বাস্যভাবে জিতেছিল সোনা। সেই গল্পই এখন দলের অনুপ্রেরণা।
পচেত্তিনোর ভাষায়, ‘আমরা খেলোয়াড়দের বলি, “কেন আমরা নই?” খেলাধুলায় প্রথমে বিশ্বাস করতে হয়। তারপর কঠোর পরিশ্রম করে নিজের প্রাপ্য আদায় করতে হয়।’
বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে যুক্তরাষ্ট্র। ১২ জুন ক্যালিফোর্নিয়ার ইংলউডে তাদের প্রথম ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে। এরপর ১৯ জুন সিয়াটলে অস্ট্রেলিয়া ও ২৫ জুন আবার ইংলউডে তুরস্কের মুখোমুখি হবে তারা।
বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে সেনেগাল ও জার্মানির বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার- ক্রিস ব্র্যাডি, ম্যাট ফ্রিস, ম্যাট টার্নার
ডিফেন্ডার- ম্যাক্স আর্ফস্টেন, সার্জিনো ডেস্ট, অ্যালেক্স ফ্রিম্যান, মার্ক ম্যাকেঞ্জি, টিম রিম, ক্রিস রিচার্ডস, অ্যান্টনি রবিনসন, মাইলস রবিনসন, জো স্ক্যালি, অস্টন ট্রাস্টি
মিডফিল্ডার- টায়লার অ্যাডামস, সেবাস্তিয়ান বার্হল্টার, ওয়েস্টন ম্যাকেনি, ক্রিস্টিয়ান রোল্ডান,
উইঙ্গার- ব্রেন্ডেন অ্যারনসন, ক্রিস্টিয়ান পুলিসিচ, জিও রেইনা, মালিক তিলমান,টিম উইয়াহ, আলেজান্দ্রো জেন্দেজাস
ফরোয়ার্ড- ফোলারিন বালাগুন, রিকার্ড পেপি, হাজি রাইট








































আপনার মতামত লিখুন :