জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী। শনিবার (২২ আগস্ট) দুপুরে দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এসময় মুক্তিযুদ্ধের বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রিসভার নতুন সদস্য ড. আবদুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী, হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, দেশের ক্রান্তিকালে জনগণের ভোটে হাল ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রিসভায় নতুন সদস্য সংযোজন হয়েছে।
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকারের সব পরিকল্পনা দেশের উন্নতির জন্য। কীভাবে, কাকে দিয়ে কোথায় কাজ করালে ভালো ফলাফল মিলবে—তা চিন্তা করেই পদায়ন করেছেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেন, সবার আগে বাংলাদেশকে রেখে পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছে নতুন সরকার। শেখ হাসিনাকে ফেরত আনার দাবি স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থের ব্যাপারে আপস করবে না বাংলাদেশ।
এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়।
নতুন দায়িত্ব পাওয়া চার মন্ত্রী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
দুই প্রতিমন্ত্রী হলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আবদুল মঈন খান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত।
এর আগে তিনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। একই সঙ্গে এ মন্ত্রণালয়ের আগের মন্ত্রী আফরোজা খানম রিতার দপ্তর পরিবর্তন করে তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এর আগে দায়িত্বে ছিলেন দীপেন দেওয়ান। তিনি পদত্যাগ করার পর মন্ত্রণালয়টিতে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এতদিন এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।
নতুন প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। এ মন্ত্রণালয়ে আগে থেকেই প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শামা ওবায়েদ ইসলাম। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে রয়েছেন ড. খলিলুর রহমান।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর এবারই প্রথম বড় ধরনের মন্ত্রিসভা পুনর্বিন্যাস হলো। শুরুতে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছিলেন। পরবর্তী সময়ে কয়েকটি পদ শূন্য হওয়া এবং রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব নেওয়ার পর দপ্তর পুনর্বণ্টনের প্রয়োজন দেখা দেয়।
নতুন ছয় সদস্যের দপ্তর বণ্টনের পাশাপাশি আফরোজা খানম রিতার মন্ত্রণালয় পরিবর্তন এবং জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার মধ্য দিয়ে মন্ত্রিসভায় এই পুনর্বিন্যাস সম্পন্ন হলো।
আপনার মতামত লিখুন :