• ঢাকা
  • | |
Alifhostbd

ঢাকায় দেড় ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Apr 26, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

টানা কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। এ সময় ঝোড়ো হাওয়াসহ বজ্রাঘাতও আঘাত হেনেছে। বৈশাখের এ বৃষ্টি ভ্যাপসা গরমের মধ্যে অনেকের জন্য স্বস্তি এনে দিলেও কারও জন্য বাড়িয়েছে ভোগান্তি।

বিকেল সোয়া ৪টা নাগাদ ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এতে দীর্ঘ তাপদাহের পর স্বস্তি পেয়েছে রাজধানীর মানুষ। কমে এসেছে তাপমাত্রা।

এর আগে আজ দুপুরের পর থেকে ঢাকার আকাশে কালো মেঘ জমতে শুরু করে। একপর্যায়ে আকাশ ঘন কালো হয়ে চারপাশ অন্ধকার হয়ে যায়। বিকেলেই যেন নেমে আসে সন্ধ্যা। রাস্তার পাশের দোকান-পাটে লাইট জ্বলে ওঠে। সড়কে চলমান গাড়িগুলোকেও লাইট জ্বালিয়ে চলতে দেখা যায়।

বেশ কিছুক্ষণ এ অবস্থায় থাকার পর শুরু হয় বৃষ্টি। শুরুতে অল্প থাকলেও অল্পকিছুক্ষণের মধ্যে ভারী বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ চমকানো ও কিছু বজ্রপাতের ঘটনাও ঘটতে থাকে।

মাত্র দেড় ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই বৃষ্টিতে গরমের তীব্রতা কমে নগরজীবনে স্বস্তি ফিরলেও রাজধানীর শাহবাগ, নিউমার্কেট, যাত্রাবাড়ীসহ বিভিন্ন জায়গায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

বৃষ্টির ফলে রাস্তায় পানি জমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসফেরত সাধারণ মানুষকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাতের এই প্রবণতা আগামীকাল সোমবারও অব্যাহত থাকতে পারে।

গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন নগরবাসী। তীব্র গরমে দুর্ভোগ ছিল চরমে। আজ বৃষ্টির পর কিছুটা স্বস্তি নেমে এসেছে জনজীবনে।

এর আগে, দেশের ৫ বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সতর্কবার্তা জানিয়েছিল আবহাওয়া অফিস। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দেওয়া হয়েছিল। 

এদিকে রোববার সন্ধ্যায় আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, আগামী দুই দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের পাশাপাশি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। চলতি মাসের বাকি দিনগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা কম উল্লেখ করে তিনি জানান, রোববার দেশের মাত্র দুটি জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে।

এর আগে, আবহাওয়া অধিদপ্তরের কালবৈশাখী ঝড়ের এক সতর্কবার্তায় জানানো হয়, রোববার দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে এই ঝড়ের সময় বজ্রপাত এবং বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ