• ঢাকা
  • | |
Alifhostbd

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজারের বেশি, মৃত বেড়ে ৯২০


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। জাতিসংঘের ত্রাণ প্রধান টম ফ্লেচারের তথ্যমতে, প্রলয়ংকরী এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যাও উদ্বেগজনকভাবে বাড়ছে; দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ নিশ্চিত করেছেন যে, ভূমিকম্পে এ পর্যন্ত ৯২০ জনের মৃত্যু হয়েছে।

দেশটিতে প্রায় এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পে বহু ভবন ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লোকজনকে উদ্ধারে ধীরগতির অভিযোগ করছেন দেশটির সাধারণ মানুষ। খবর সিএনএনের।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ভাই হোর্হে রদ্রিগেজ দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। শুক্রবার তিনি জানান, সরকারি হিসাবে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জন হয়েছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের উত্তরাঞ্চল। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তত ২০০ জনের বেশি জীবিত আটকা পড়ার খবর পাওয়া গেছে। ভারী যন্ত্রপাতির তীব্র সংকট থাকায় ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে, যা স্বজনদের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।

পরিস্থিতি সামাল দিতে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা মাঠে নেমেছে। স্প্যানিশ, সালভাদরীয়, সুইস, কলম্বীয় এবং মেক্সিকানসহ মোট ১৭টি দেশের বিশেষায়িত উদ্ধারকারী দল বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে। ত্রাণ তৎপরতা সমন্বয় করতে মার্কিন সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইতিমধ্যে কারাকাসে পৌঁছেছেন।

এর আগে দেলসি রদ্রিগেজ ভূমিকম্পে প্রায় তিন হাজার মানুষ আহত হওয়ার তথ্য দেন। গত শুক্রবার (২৬ জুন) ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়ারা রাজ্য পরিদর্শনকালে তিনি জানান, বিদেশি উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) আশঙ্কা, এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। সরকারের পক্ষ থেকে আনুমানিক কত মানুষ নিহত হতে পারেন, সে তথ্য দেওয়া না হলেও নিখোঁজ ব্যক্তিদের তালিকা একটি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। সেখানে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৪৯ হাজার ৬০০ জনের নাম যুক্ত করা হয়েছে।

ভেনেজুয়েলার সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ২৫০টি ভবন ধ্বংস বা বিধ্বস্ত হওয়ার নিশ্চিত খবর পাওয়া গেছে। এর মধ্যে আটটি হাসপাতাল, রেডক্রস ভবন ও ফরাসি দূতাবাস ভবন রয়েছে।

প্রসঙ্গত, স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৪০ সেকেন্ড পর রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এই ভূমিকম্পকে দেশটির গত ১২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ