• ঢাকা
  • | |
Alifhostbd

পেনাল্টি না পাওয়ায় ইউয়েফায় অভিযোগ বার্সেলোনার


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Apr 10, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। ম্যাচে রেফারির সিদ্ধান্ত এবং ভিএআর নিয়ে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফার কাছে বৃহস্পতিবার অভিযোগ জমা দিয়েছে কাতালান ক্লাবটি। বার্সেলোনার দাবি, রেফারির ভুল সিদ্ধান্ত ম্যাচের গতিপথ ও ফলাফল বদলে দিয়েছে।

বিতর্কিত সেই ঘটনাটি ঘটে ম্যাচের ৫৪ মিনিটে। আতলেতিকো গোলকিপার হুয়ান মুসো বক্সের ভেতর ছোট করে একটি গোলকিক নেন। ডিফেন্ডার মার্ক পুবিল সম্ভবত মনে করেছিলেন খেলা শুরু হয়নি, তাই তিনি হাত দিয়ে বলটি থামিয়ে আবার মুসোকে দেন। বার্সার খেলোয়াড়রা পেনাল্টির জোরালো দাবি জানালেও রেফারি ইস্তভান কোভাকস তা নাকচ করে দেন এবং ভিএআর রেফারি ক্রিস্তিয়ান ডিঙ্গার্টও এতে হস্তক্ষেপ করেননি।

বার্সেলোনা বিবৃতিতে জানিয়েছে, ক্লাব মনে করে রেফারিং বর্তমান আইনের সঙ্গে সংগতিপূর্ণ ছিল না, যা সরাসরি ম্যাচের ফলাফলকে প্রভাবিত করেছে। ভিএআরের এই নিষ্ক্রিয়তা একটি বড় ভুল এবং এর প্রতিকার হওয়া প্রয়োজন।

ইউয়েফার কাছে দেওয়া অভিযোগে বার্সেলোনা তিনটি দাবি জানিয়েছে, এই ঘটনার একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করা। রেফারি ও ভিএআর কক্ষের মধ্যকার কথোপকথনের (অডিও) অ্যাক্সেস দেওয়া। ভুলগুলো আনুষ্ঠানিকভাবে স্বীকার করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

ম্যাচশেষে রেফারির সিদ্ধান্ত ও ভিএআর নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বার্সা কোচ হান্সি ফ্লিক, ‘আমি জানি না গোলকিপার খেলা শুরু করার পর ডিফেন্ডার হাত দিয়ে বল থামিয়ে আবার খেলা শুরু করলে সেটা কেন পেনাল্টি হবে না। এটা পরিষ্কার লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) এবং পেনাল্টি ছিল। ভিএআর আজ শুধু আতলেতিকোর জন্যই কাজ করছিল।!’

ম্যাচে তখন ১-০ তে পিছিয়ে ছিল বার্সা। এর আগে পাউ কুবার্সির হলুদ কার্ড ভিএআর রিভিউয়ের পর লাল কার্ড হওয়ায় ১০ জনের দলে পরিণত হয়েছিল স্বাগতিকেরা। সেই সুযোগ কাজে লাগিয়ে হুলিয়ান আলভারেজ ও আলেকজান্ডার সরলোথের গোলে ২০০৬ সালের পর ক্যাম্প ন্যুতে প্রথম জয় পায় আতলেতিকো।

আগামী মঙ্গলবার রাতে ফিরতি লেগের ম্যাচে আতলেতিকোর মাঠে মুখোমুখি হবে দুই দল। সেমি-ফাইনালের টিকিট পেতে সেই ম্যাচে তিন গোলের ব্যবধানে জিততে হবে বার্সেলোনার। 

আলোচিত শীর্ষ ১০ সংবাদ