• ঢাকা
  • | |
Alifhostbd

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd





 মৌলভীবাজারের কমলগঞ্জে জমি বিক্রি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে নিহতের বড় ভাই জহিরুল ইসলাম জসিম গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ময়নুল হক নামে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রামপাশা গ্রামের দুলা মাস্টারের ছেলে লন্ডন প্রবাসী রিপন আহমেদের জমি বিক্রিকে কেন্দ্র করে মধ্যস্থতাকারী জাহাঙ্গীরের পরিবারের সঙ্গে একই গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে মাহমুদ মিয়া (৩৫), মামুন মিয়া (৩০) ও ময়নুল হকের (২৮) বিরোধ তৈরি হয়।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীরের চাচাতো ভাই সাহেল জমি কেনার জন্য দুজন সম্ভাব্য ক্রেতাকে নিয়ে আসেন। এ সময় জমি নিয়ে আলোচনার জন্য জাহাঙ্গীরের বড় ভাই জহিরুল ইসলাম জসিমকে ডেকে আনা হয়। জসিম ঘটনাস্থলে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন জমি বিক্রিতে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন জসিমের মাথায় আঘাত করেন।

ভাইয়ের ওপর হামলার খবর পেয়ে জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও মাথায় গুরুতর আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে জাহাঙ্গীরের মৃত্যু হয়।

নিহতের চাচা সুন্দর আলী বলেন, পূর্বপরিকল্পিতভাবে আমার ভাতিজাকে হত্যা করা হয়েছে। হামলায় ব্যবহৃত দা ও লাঠি আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল। মামুন, মাহমুদ ও ময়নুল এই তিন ভাই এবং তাদের ভাগিনা সামি ও ভগ্নিপতি খয়ের মিলে আমার ভাই ও ভাতিজাদের ওপর হামলা চালায়।

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কমর উদ্দিন বলেন, এ ঘটনায় নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে ময়নুল হক নামের একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ