মাতাল অবস্থায় গুলি করেন স্বামী নিজেই, অস্ত্র লুকাতে দেন ছেলেকে
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
রাজধানীর দারুসসালাম এলাকায় নিজ বাসায় জেসমিন আক্তার নামের এক নারীকে গুলির ঘটনায় তার স্বামী-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গ্রেপ্তাররা হলেন- আহত নারীর স্বামী মো. আব্দুল মান্নান ওরফে আব্দুল হান্নান (৪৫), তার ছেলে মো. রাকিব (২৫) এবং ছেলের বন্ধু মো. হাতিম মিয়া (২১)।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান র্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, ‘ঝগড়ার পর ওই নারীকে মাতাল অবস্থায় গুলি করেন তার স্বামী।’
এর আগে গতকাল সন্ধ্যায় দারুসসালাম থানার মসজিদ গলি এলাকায় নিজ বাসায় একজন নারী গুলিবিদ্ধ হন। আহত ওই নারীকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, ‘এ ঘটনার ছায়া তদন্ত করে র্যাব জানতে পারে, ওই গৃহবধুকে গুলি করে তার স্বামী আব্দুল মান্নান। পরে র্যাব-৪ এর একটি আভিযানিক দল রাত সাড়ে ৩ টায় দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।’
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তারের পর আব্দুল মান্নান জানান, যে অস্ত্র দিয়ে সে তার স্ত্রীকে গুলি করেছিল, ঘটনার পর অস্ত্রটি সে তার ছেলে রাকিবের কাছে দেয় অন্য কোথাও লুকিয়ে রাখার জন্য। এরপর র্যাব-৪ ও দারুস সালাম থানার দুটি দল যৌথভাবে অভিযান চালিয়ে দারুস সালাম এলাকা থেকে তার ছেলে রাকিবকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর রাকিব জানায়, অস্ত্রটি তার এক বন্ধুর বাসায় লুকিয়ে রেখেছে। এই তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানিক দল ওই বন্ধুর বাসায় অভিযান পরিচালনা করে। পরে হাতিমের বাসার একটি কক্ষের ওয়ারড্রোবের ড্রয়ারের ভেতর থেকে লুকানো অবস্থায় একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রটিই ওই গৃহবধূকে গুলি করার ঘটনায় ব্যবহৃত হয়েছিল।’
আপনার মতামত লিখুন :