• ঢাকা
  • | |
Alifhostbd

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, পিস্তল-হ্যান্ডকাফসহ গ্রেপ্তার ৫বনানী


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd



বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ওয়াকিটকি, হাইয়েস মাইক্রোবাস ও বাংলাদেশ পুলিশের মনোগ্রামসংযুক্ত হ্যান্ডকাফসহ রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে একজন র‍্যাব সদস্য-সহ পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে বনানী ‘এ’ ব্লকের ৪ নম্বর রোডের খায়ের প্যালেসের সামনে অভিযানে তাদের আটক করা হয়।

সকালে গোপন খবরের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদলকে (৪২)।


ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার মো. মাসুদ রানা র‍্যাবের একজন সৈনিক। তিনি র‍্যাব সদর দপ্তরের ডগ স্কোয়াড বিভাগে কর্মরত।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার খবরের ভিত্তিতে বনানী ‘এ’ ব্লকের ৪ নম্বর রোডের খায়ের প্যালেসের সামনে প্রায় ৪৫ জনের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম হিসেবে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, ওয়াকিটকি, হ্যান্ডকাফের পাশাপাশি এক রোল কালো স্কচটেপ ও একটি শপিং ব্যাগ জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত আছেন। বৃহস্পতিবার সকালেই ঘটনাটি ঘটে এবং এরপর ডিবি মাসুদ রানাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে র‍্যাব কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইন্তেখাব চৌধুরী আরও জানান, ঘটনাটি তদন্তে র‍্যাবের পক্ষ থেকে একজন মেজরের নেতৃত্বে একটি তদন্ত পর্ষদ গঠন করা হয়েছে। ওই পর্ষদ বিষয়টি অনুসন্ধান করে দেখবে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রাজধানীর মিন্টো রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বনানী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে গ্রেপ্তার ব্যক্তিরা কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে যুক্ত কি না, তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস কোথায় এবং এর আগে তারা কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল কি না—এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।


আলোচিত শীর্ষ ১০ সংবাদ