এমন সংস্কৃতি চাই, যা সবার মনে শান্তি দেবে’সংস্কৃতি প্রতিমন্ত্রী
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং
এমন একটি সাবলীল, গণমুখী সংস্কৃতি তৈরি করতে চাই, যা সবার মনে শান্তি দেবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সোমবার (৩১ আগস্ট) সকালে রাজবাড়ী শহরের আজাদী ময়দানে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মানুষের মনে শান্তি দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রীও কোনো ধরনের ভেদাভেদ না রাখার কথা বলেছেন।
তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা অন্য কোনো সম্প্রদায়ের মানুষ—কারও মধ্যে বিভাজন তৈরি করা যাবে না। সবাইকে মিলেমিশে একসঙ্গে থাকতে হবে।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, মানুষের প্রাণের খোরাক সংগীত, কবিতা, গান ও নাটক। তাই এসব সৃষ্টিকে সুস্থ ও ইতিবাচকভাবে তৈরি করতে হবে। এর মাধ্যমে এমন একটি সাবলীল, গণমুখী সংস্কৃতি গড়ে তুলতে চান তারা, যা সবার মনে শান্তি দেবে।
জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আজাদী ময়দানে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদসহ রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :