সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি চলছে জাতীয় সংসদ অধিবেশনে। যেখানে ৩৫ বছর পর বিরোধী দলের প্রার্থী রয়েছে। এই নির্বাচন সাংবিধানিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকা উচিত এবং এ ধরনের নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার বাস্তব প্রতিফলন দেখতে পাবে বলে মনে করেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এদিকে, সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার এবং সংশোধিত এই বিধান অনুযায়ীই ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানালেন সালাহউদ্দিন আহমদ।
এ নিয়ে তিনি আরও জানান, এ বিষয়ে গঠিত কমিটিতে এখনো বিরোধী দল অংশ নেয়নি। তবে সরকার সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার বিষয়টি প্রক্রিয়ার মধ্যেই রেখেছে এবং ভবিষ্যতে তা বাস্তবায়ন করা হবে। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন এই সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ীই অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হয়ে যায়। এই বিধানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক চলে আসছে এবং রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে সাম্প্রতিক সময়ে এ অনুচ্ছেদ নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।
আপনার মতামত লিখুন :