• ঢাকা
  • | |
Alifhostbd

ইনফান্তিনোর বিরুদ্ধে এবার পরকীয়ার অভিযোগ


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

বিশ্বকাপের বাণিজ্যিকীকরণ নিয়ে বিতর্ক এখনো থামেনি। ইউরোপীয় ফুটলের একাংশের বিরোধিতার মধ্যেই এবার নতুন এক অভিযোগের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। উয়েফায় দায়িত্ব পালনকালে এক সহকর্মীর সঙ্গে তার কথিত ব্যক্তিগত সম্পর্ক এবং সেই নারীকে আর্থিক সুবিধা দেয়ার অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ।

প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত উয়েফার মহাসচিব থাকাকালে ইনফান্তিনোর সঙ্গে কথিত সম্পর্কে জড়িয়েছিলেন সংস্থারই বিবাহিত এক নারী কর্মকর্তা। অভিযোগ, ওই সম্পর্ক চলাকালে তিনি পদোন্নতির সুবিধা পান। পরে উয়েফা ছাড়ার সময় তাকে ছয় অঙ্কের অর্থ দেয়া হয়। শুধু তা-ই নয়, একটি স্থানীয় বিজনেস স্কুলে এমবিএ সম্পন্ন করার ব্যয়ও বহন করা হয়েছিল বলে দাবি করা হয়েছে।

তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছেন ইনফান্তিনো। তার একজন মুখপাত্র দ্য টেলিগ্রাফকে বলেছেন, ফিফা সভাপতি অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে মনে করেন। তার ভাষ্য, ইনফান্তিনোর বিরুদ্ধে অনুপযুক্ত আচরণ, নীতিমালা ভঙ্গ বা ক্ষমতার অপব্যবহারের কোনো অভিযোগ কখনোই প্রমাণিত হয়নি। উয়েফা কিংবা ফিফার কোনো কর্মীও এ ধরনের অভিযোগ করেননি।

অন্যদিকে, উয়েফা স্বীকার করেছে যে সংশ্লিষ্ট নারীকে অর্থ দেয়া হয়েছিল। সংস্থাটির দাবি, সে সময়কার নীতিমালা অনুযায়ী অর্থ পরিশোধ বৈধ ছিল। এমবিএ কোর্সের খরচও ওই অর্থের অংশ হিসেবে বহন করা হয়েছিল। পাশাপাশি উয়েফা জানিয়েছে, পরবর্তী সময়ে তাদের প্রশাসনিক নীতিমালা আরও কঠোর করা হয়েছে, যাতে তা আধুনিক ও উচ্চমানের প্রতিষ্ঠানের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে।

এই অভিযোগ এমন এক সময়ে সামনে এলো, যখন বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা ঘিরে ইনফান্তিনো তীব্র সমালোচনার মুখে রয়েছেন। সেই বিতর্কে তার পদত্যাগের দাবিও উঠেছিল। পরে তিনি প্রস্তাবটি নিয়ে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। তবে মরক্কোয় অনুষ্ঠিত ফিফার এক বৈঠকে শীর্ষ কর্মকর্তাদের সমর্থন পাওয়ায় আপাতত পদে বহাল রয়েছেন তিনি।

২০০০ সালে উয়েফায় যোগ দেয়া ইনফান্তিনো ২০০৯ সালে সংস্থাটির মহাসচিব হন। এরপর ২০১৬ সালে ফিফার সভাপতি নির্বাচিত হন তিনি। যদিও বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল হয়েছে, তবু ইউরোপের কয়েকটি ফুটবল সংস্থা এখনো ফিফার কিছু আয়োজন বয়কটের অবস্থান থেকে সরে আসেনি।

অন্যদিকে, দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল, আফ্রিকান ফুটবল কনফেডারেশন (কাফ), বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রকাশ্যে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ