• ঢাকা
  • | |
Alifhostbd

এক মেলায় মিলছে প্রতিবন্ধী, বয়স্কভাতা, বিধবা ভাতা ও রক্তের গ্রুপ নির্ণয়


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd



নীলফামারীর কিশোরগঞ্জে আয়োজিত এক ব্যতিক্রমী সেবা মেলায় মিলছে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন, কৃষি ঋণসংক্রান্ত সেবা এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুবিধা। হয়রানি ছাড়া সরাসরি সরকারি সেবা পাওয়ার এই সুযোগে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত মানুষ মেলা প্রাঙ্গণে ভিড় জমান।



সোমবার (৩ আগস্ট ২০২৬) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী এই ‘ভাতা ও কৃষি ঋণ মেলা’ অনুষ্ঠিত হয়।

মেলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণের পাশাপাশি কৃষি ঋণসংক্রান্ত সেবা দেওয়া হয়। একই সঙ্গে স্বাস্থ্যসেবার অংশ হিসেবে আগতদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট কর্মকর্তারা আবেদন গ্রহণ করেন এবং আবেদনকারীদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

দীর্ঘদিন ধরে বয়স্ক ভাতার কার্ডের অপেক্ষায় থাকা ষাটোর্ধ্ব আলতাফ উদ্দিন জানান, বহুবার ইউনিয়ন পরিষদে গিয়েও তিনি ভাতার কার্ড পাননি। মেলায় এসে আবেদন করতে পেরে তিনি আশাবাদী, এবার হয়তো কাঙ্ক্ষিত সেবাটি পাবেন।


সেবা নিতে আসা মনজিলা বেগম বলেন, এক জায়গায় একাধিক সরকারি সেবা পাওয়ায় আমাদের সময় ও যাতায়াত খরচ দুটোই বেঁচেছে। বিশেষ করে প্রবীণ, বিধবা ও প্রতিবন্ধী মানুষের জন্য এটি অত্যন্ত উপকারী উদ্যোগ।

খাদিজা বেগম বলেন, অনেকদিন ইউনিয়ন পরিষদে ঘুরেও ভাতার আবেদন করতে পারিনি। আজ এখানে এসে সহজেই আবেদন করতে পেরেছি। এতে আমরা খুব খুশি।

প্রতিবন্ধী ভাতার আবেদন করতে আসা রাজু ইসলাম বলেন, আমার ছেলের জন্য আগে আবেদন করেও সুবিধা পাইনি। মেলার খবর পেয়ে এসে আবার আবেদন করেছি। এখানে এসে খুব সহজেই কাজটি করতে পেরেছি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন বলেন,'সমাজসেবা অধিদপ্তরের সেবা পেতে কোনো ধরনের ফি বা অতিরিক্ত টাকা-পয়সা লাগে না। সাধারণ মানুষ যেন কোনো রকম দালাল বা হয়রানি ছাড়া সরাসরি সরকারি সেবা পায়, সেই লক্ষ্যেই আমরা এই মেলার আয়োজন করেছি।'

আলোচিত শীর্ষ ১০ সংবাদ