• ঢাকা
  • | |
Alifhostbd

হেটমায়ারের বীরত্বে হোয়াইটওয়াশ এড়াল ওয়েস্ট ইন্ডিজ


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

থ্রিলার ম্যাচের শেষ মুহূর্তে অসাধারণ ধৈর্য ও দায়িত্বশীল ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে জয় এনে দিলেন শিমরন হেটমায়ার। তার অপরাজিত ইনিংসে ভর করে নিউজিল্যান্ডের দেয়া ২৬৯ রানের লক্ষ্য ১৫ বল হাতে রেখেই ২ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নেয় স্বাগতিকরা। তবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি ৩-২ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড।

ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৮ রানের লড়াকু সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। ওপেনার উইল ইয়াং ৬৩ বলে ৫৬ রান করে দলকে ভালো সূচনা এনে দেন। তিন নম্বরে নেমে নিক কেলি ৮০ বলে ৬৪ রান করেন। এরপর অধিনায়ক টম ল্যাথাম ৭১ বলে ৬৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলের সংগ্রহকে শক্ত ভিতের ওপর দাঁড় করান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজারি জোসেফ ১০ ওভারে মাত্র ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন। উইটেল লজ ৬৩ রানে ২ উইকেট শিকার করেন। এছাড়া ম্যাথিউ ফোর্ড, জেডেন সিলস ও গুডাকেশ মোতি একটি করে উইকেট তুলে নেন।

২৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন একিম অগাস্টে ও জাস্টিন গ্রিভস। অগাস্টে ২৪ বলে ৩৪ এবং গ্রিভস ১৫ বলে ২২ রান করে দলকে দারুণ সূচনা এনে দেন। তবে দলীয় ফিফটির পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবীয়রা। এরপর তৃতীয় উইকেটে শাই হোপ (৩৯) ও কিচি কার্টি (২০) ৫৯ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন।

ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শিমরন হেটমায়ার ও শেরফেন রাদারফোর্ড। পঞ্চম উইকেটে তাদের ৯৫ রানের জুটি ওয়েস্ট ইন্ডিজকে জয়ের পথে এগিয়ে দেয়। রাদারফোর্ড ৫৮ বলে ২ চার ও ৫ ছক্কায় ৬১ রান করে বিদায় নিলে ম্যাচে ফের উত্তেজনা ছড়ায়। ৪৫তম ওভারে জেকব ডাফি টানা দুই বলে ম্যাথিউ ফোর্ড ও আলজারি জোসেফকে ফিরিয়ে দিলে ৮ উইকেটে ২৪৮ রানে চাপে পড়ে স্বাগতিকরা।

তবে শেষ পর্যন্ত নার্ভ ধরে রেখে দলের হাল ধরেন হেটমায়ার। ৬৪ বলে ২ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৬৯ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি। জেডেন সিলসকে (৫*) সঙ্গে নিয়ে ৪৭.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে দেন ওয়েস্ট ইন্ডিজকে।

নিউজিল্যান্ডের হয়ে জেকব ডাফি ৬৭ রানে ৩টি এবং স্পিনার জেডেন লেনক্স ৩৫ রানে ৩টি উইকেট নেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ