• ঢাকা
  • | |
Alifhostbd

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মেহজাবীন-তটিনীদের


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টানা ভারী বর্ষণ ও উজানের পানিতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেটসহ বেশ কয়েকটি জেলার বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, তানজিম সাইয়ারা তটিনী ও ইরফান সাজ্জাদ সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যাদুর্গত মানুষের জন্য দোয়া চেয়ে সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুক বার্তায় লিখেছেন, ‘বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সকল মানুষের জন্য আন্তরিক দোয়া রইল। এই কঠিন সময়ে যারা নিজেদের প্রিয়জন, ঘরবাড়ি বা জীবিকার ক্ষতির মুখোমুখি হয়েছেন, আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন। যারা উদ্ধার ও ত্রাণকাজে নিরলস পরিশ্রম করছেন, তাদের প্রতিও গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। আশা করি খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে এবং সবাই নিরাপদে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন।’

চট্টগ্রামের সন্তান অভিনেতা ইরফান সাজ্জাদ বন্যাকবলিত চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত কার্যকর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের দাবি জানান।

এমন মানবিক সংকটের সময়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বন্যাদুর্গতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান।

নিজের পোস্টে তটিনী লেখেন, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের ৭টির বেশি জেলা এখন পানির নিচে। হাজারো ঘর-বাড়ি তলিয়ে গেছে। মানুষ ছাদে, আশ্রয়কেন্দ্রে না খেয়ে দিন কাটাচ্ছে।

তিনি আরও লেখেন, আমরা যারা ভালো আছি, আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। ১ প্যাকেট শুকনো খাবার, ১ বোতল পানি অনেক বড় সাহায্য হতে পারে।

পাশাপাশি বন্যাকবলিত মানুষদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়ে এই অভিনেত্রী বলেন, ভালো আশ্রয়স্থলে স্থান নিন এবং অন্যকে যতটুকু সম্ভব সাহায্য করুন।

বন্যাদুর্গত মানুষের জন্য দোয়া চেয়ে তটিনী লেখেন, আল্লাহ বন্যাদুর্গত সবাইকে হেফাজত করুন। আমিন।

তার এই পোস্টের কমেন্ট বক্সেও মানবিক বার্তা দেখা গেছে। সেখানে তিনি লেখেন, আল্লাহ বাংলাদেশের সকল জেলার মানুষকে বন্যা হতে হেফাজত করুক।

তটিনীর এই মানবিক আহ্বান সামাজিকমাধ্যমে প্রশংসা পাচ্ছে। তার ভক্ত-অনুরাগীরা মনে করছেন, দেশের এই দুর্যোগময় সময়ে সচেতনতা তৈরি এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারকার এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ