সঠিকভাবে রোগ নির্ণয়ে এখনও পিছিয়ে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
রোগীদের সঠিকভাবে রোগ নির্ণয়ে এখনো বাংলাদেশ পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
রোববার (৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে স্বাস্থ্য সেবায় উচ্চপ্রযুক্তি শীর্ষক একটি সেমিনারে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের চিকিৎসক ও গবেষকরা যথেষ্ট অভিজ্ঞ, কিন্তু সব ধরনের লজিস্টিক সাপোর্ট তারা পাচ্ছেন না। স্বাস্থ্য খাতের অধিকাংশ জিনিস আমদানি করতে হয়, এটি আমাদের অনেক বড় সমস্যা। তবে স্বাস্থ্য খাতে কীভাবে আরও উন্নতি করা যায়, তার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে সরকার।
মন্ত্রী বলেন, দেশের প্রান্তিক পর্যায়ের রোগীরা এখনো সঠিকভাবে চিকিৎসা সেবা পাচ্ছে না। এজন্যই বাজেটে স্বাস্থ্যখাতে দ্বিগুণ বরাদ্দ দেয়া হয়েছে।
ডেঙ্গু মোকাবেলায় সরকারের কার্যক্রম নিয়ে তিনি জানান, কিছু কিছু হাসপাতালে এমন অবস্থা এক রুমে ৩০ থেকে ৪০ জন ডেঙ্গু রোগীকে সেবা দিতে হচ্ছে।
ডেঙ্গু ও হাম মোকাবেলায় যেসব চিকিৎসক ও নার্সরা নিয়োজিত রয়েছেন, তাদেরকে আরও ধৈর্য নিয়ে কাজ করার নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।
চিকিৎসকদের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনসংখ্যার তুলনায় দেশে পর্যাপ্ত চিকিৎসক নেই। ১২ হাজার রোগীর জন্য মাত্র একজন চিকিৎসক কাজ করছেন, তারপরও তারা রোগীদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছেন।
আপনার মতামত লিখুন :