উন্নয়নের দাবিতে কুয়াকাটায় ৩০ কিলোমিটার মানববন্ধন
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
জাতীয় বাজেটে বরিশাল বিভাগের জন্য আশানুরূপ বরাদ্দ না রাখা, দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন এবং পর্যটন নগরী কুয়াকাটার অবকাঠামোগত উন্নয়নের দাবিতে কুয়াকাটায় প্রায় ৩০ কিলোমিটারব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টিয়াখালী ইউনিয়নের সিক্স লেন সড়ক থেকে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
কুয়াকাটা উন্নয়ন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক আব্দুল আজিজ মুসুল্লি, মুখপাত্র মতিউর রহমান হাওলাদার, কুয়াকাটা প্রেসক্লাব ও টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, ছাত্রদলের সভাপতি রিয়াজ, পরিবেশবাদী সংগঠন ‘উপরা’র আহ্বায়ক কেএম বাচ্চুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দক্ষিণাঞ্চলের অবকাঠামো, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতের উন্নয়নে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।
আয়োজকদের ঘোষিত ৯ দফা দাবির মধ্যে রয়েছে— ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক নির্মাণ, কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, পায়রা বন্দর পূর্ণাঙ্গভাবে চালু, শের-ই-বাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণ, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপন, নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বরিশাল-ভোলা সেতু নির্মাণ এবং ভোলার গ্যাসভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলা।
কুয়াকাটা উন্নয়ন ফোরামের যুগ্ম আহ্বায়ক ও কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, দেশের দক্ষিণাঞ্চল পর্যটন, মৎস্য ও কৃষিতে সমৃদ্ধ হলেও অবকাঠামো, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে অবহেলিত। তাই এ অঞ্চলের টেকসই উন্নয়নে সরকারের কার্যকর উদ্যোগ জরুরি।
মানববন্ধন থেকে কুয়াকাটাকে দ্রুত উপজেলা ঘোষণা, পর্যটন শিল্পের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়ন এবং প্রয়োজনীয় সরকারি প্রতিষ্ঠান স্থাপনের দাবিও জানানো হয়।
কুয়াকাটা উন্নয়ন ফোরামের মুখপাত্র মতিউর রহমান হাওলাদার বলেন, দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের অবহেলিত অবকাঠামো, যোগাযোগ, শিক্ষা, শিল্প ও পর্যটন খাতের উন্নয়নে দাবিগুলো বাস্তবায়ন জরুরি। সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
কুয়াকাটা উন্নয়ন ফোরামের আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লি বলেন, ‘এ মানববন্ধন কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এটি দক্ষিণাঞ্চলের মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত এসব দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হোক।’
আপনার মতামত লিখুন :