পানামাকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে ইংল্যান্ড
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই রাউন্ড অব ৩২ নিশ্চিত ছিল ইংল্যান্ডের। থ্রি লায়ন্সদের সামনে হাতছানি ছিল শেষ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু রক্ষণাত্মক মনোভাব নিয়ে মাঠে নামা পানামা কঠিন সময় উপহার দেয় ইংল্যান্ডকে। যদিও শেষ পর্যন্ত তারা আটকে রাখতে পারেনি জুড বেলিংহাম, হ্যারি কেইনদের। দুজনের দুর্দান্ত পারফরম্যান্স এবং রেকর্ডময় দিনে জয় পেয়েছে টমাস টুখেলের দল।
যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে পানামাকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। গোল দুটি করেন বেলিংহাম ও কেইন। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন কেইন। তিনি ভেঙেছেন গ্যারি লিনেকার ১০ গোলের রেকর্ড।
আজকের ম্যাচের দুটি গোলেই অবদান রেখেছেন বেলিংহাম। একটি গোলের পাশাপাশি অন্য গোলে অ্যাসিস্ট করেন তিনি। আর তাতেই উঠে যান ইতিহাসের পাতায়। ২২ বছর ৩৬৩ দিন বয়সে বেলিংহাম বিশ্বকাপের ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ খেলোয়াড় (১৯৬৬ সালের পর)।
শনিবার রাতে ‘এল’ গ্রুপের শেষ ম্যাচে পাওয়া এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল ইংল্যান্ড। তিন খেলায় তিনটিতে হেরে খালি হাতে বাড়ি ফিরছে পানামা। কোনো পয়েন্ট না পেয়ে তালিকার একেবারে তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করেছে দলটি এবং গত ১৬ বছরের মধ্যে বিশ্বকাপে গোল করতে ব্যর্থ হওয়া প্রথম দল হিসেবে ইতিহাস গড়েছে পানামা।
দিনের অপর ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট পেয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে ক্রোয়েশিয়া। পরের রাউন্ডে ক্রোয়াটরা পেয়েছে পর্তুগালকে। আর হারলেও ৪ পয়েন্ট পেয়ে বেস্ট থার্ড টিম হয়ে শেষ ৩২-এ উঠেছে ঘানা।
এদিন ম্যাচের ২৭ মিনিটে হোসে লুইস রদ্রিগেজের বা পায়ের গতিময় শট ডানদিকে ঝাপিয়ে কর্নার করে দেন ইংল্যান্ড গোলকিপার জর্ডান পিকফোর্ড। কর্নারের পর প্রতি আক্রমণে ডান প্রান্ত ধরে আক্রমণে ওঠে সাকা। তবে বক্সে ভালো জায়গায় গিয়েও শট নিতে পারেননি তিনি।
আক্রমণের ধারা বজায় রেখে প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আঘাত হানার চেষ্টা করে ইংল্যান্ড। যদিও তারা ডেডলক ভাঙতে পারছিল না। ৩৩ মিনিটে ও’রাইলির হেডও জাল খুঁজে পায়নি অল্পের জন্য।
প্রবল আক্রমণের বিপরীতে পানামাও প্রতি আক্রমণের সুযোগ নিয়েছে। ৩৮ মিনিটে রাশফোর্ডের হেডার চলে যায় পোস্টের ওপর দিয়ে। পরের মিনিটে বেলিংহামের শট লাফিয়ে ফিস্ট করেন পানামা গোলকিপার। এই সময় টানা আক্রমণ চালায় ইংল্যান্ড। তবে পানামার জমাট রক্ষণ ভেদ করতে পারেননি সাকা, বেলিংহাম ও রাশফোর্ডরা।
এই অর্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে কেইনকে কার্লোস হার্ভে ফাউল করলে বক্সের কয়েকগজ সামনে ফ্রি কিক পায় ইংল্যান্ড। কিন্তু থ্রি লায়ন্সদের হতাশা আরও বাড়িয়ে দেয় তখন, যখন রাশফোর্ডের দুর্দান্ত ফ্রি কিক শটও ভাঙতে পারেনি ম্যাচের ডেডলক। বল বেরিয়ে যায় পোস্টঘেষে। শেষ পর্যন্ত গোলশূন্য বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে তখন পর্যন্ত ম্যাচের সেরা সুযোগটা হারান কেইন। ৫২ মিনিটে ডান দিক থেকে রাশফোর্ডের দুর্দান্ত ক্রস ছোট বক্সে খুঁজে নেয় ইংলিশ অধিনায়ককে। পা দিয়ে বল মাটিতে নামালেও অবিশ্বাস্যভাবে সেখান থেকে আর শট নিতে পরেননি তিনি। পানামা ডিফেন্ডার কর্ডোবা পা দিয়ে বলটি ক্লিয়ার করার চেষ্টা করেন, সতীর্থ আন্দ্রেডের গায়ে লেগে বাইরে চলে যায়।
রাশফোর্ডের জন্য হতাশা আরও একবার! ইংল্যান্ড বিদ্যুৎগতিতে প্রতি আক্রমণে ওঠে। মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে রাশফোর্ডকে খুঁজে নেন ও'রাইলি। এরপর তিনি সোজা পেনাল্টি এরিয়ায় ঢুকে বাঁ পা দিয়ে কাছের পোস্টে শট করার চেষ্টা করেন, কিন্তু বল সাইড-নেটে লাগে।
চার মিনিট পর পানার লুইস রদ্রিগেজের দূরপাল্লার শট ইংল্যান্ড শিবিরে কাঁপন ধরায়। ৫৭ মিনিটে ডান প্রান্ত ধরে উপরে উঠে গোলে জোরালো শট নেন কেইন, ফিস্ট করে তাঁকে গোলবঞ্চিত রাখেন পানামা গোলকিপার।
তবে বেশিক্ষণ ইংল্যান্ডকে আর আটকে রাখতে পারেনি। ৬২ মিনিটে ডেডলক ভাঙেন বেলিংহাম। সাকার কর্নার থেকে বক্সে সাইড ভলিতে সহজেই দলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদে খেলা ইংলিশ তারকা মিডফিল্ডার।
পিছিয়ে পড়ার দুই মিনিট পরই সমতায় ফিরতে পারত পানামা। কিন্তু ফাকা গোলেও শট লক্ষ্যে রাখতে পারেননি হার্ভে। এরপর ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেইন। বা পাশের কর্নারের কাছ দিয়ে বক্সে ঢুকেই ক্রস দেন বেলিংহাম। দূরের পোস্টে থাকা কেইন লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন। আর এই গোলের মাধ্যমেই তিনি ছাড়িয়ে যান গ্যারি লিনেকারকে।
শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড।
আপনার মতামত লিখুন :