• ঢাকা
  • | |
Alifhostbd

লেবাননে প্রাণঘাতী হামলা চালাল ইসরায়েল, হুঁশিয়ারি ইরানের


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতা এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও থামছে না ইসরায়েলি হামলা। লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে চালানো একাধিক ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একই সঙ্গে ইরানও সতর্ক করেছে, দক্ষিণ লেবাননে হামলা বন্ধ না করলে ইসরায়েলকে কঠোর জবাব দেয়া হবে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চলার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ গভর্নরেটে একাধিক ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় বার্তাসংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার (১৬ জুন) মাইফাদুন এলাকায় দুটি গাড়ি লক্ষ্য করে পৃথক ড্রোন হামলার ঘটনা ঘটে। একই সময়ে শৌকিন গ্রামেও আরেকটি গাড়িতে হামলা চালানো হয় বলে জানিয়েছে সংস্থাটি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘ ও নাজুক আলোচনার পুরো সময়জুড়ে ইরানি কর্মকর্তারা বারবার বলে আসছিলেন, যেকোনও যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে।

যদিও সমঝোতা স্মারকের (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) বিস্তারিত ও চূড়ান্ত বিবরণ এখনও প্রকাশ করা হয়নি, তবে সংঘাতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গত সোমবার বলেছেন, ওই চুক্তিতে ‘লেবাননসহ সব ফ্রন্টে’ সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার কথা বলা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও মঙ্গলবার বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের অব্যাহত দখলদারিত্ব ওই চুক্তির লঙ্ঘন হবে। তিনি বলেন, ‘এই যুদ্ধে দখল করা এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার না হলে যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে বলা যাবে না।’

ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সও সতর্ক করেছে, দক্ষিণ লেবাননে হামলা বন্ধ না করলে ইসরায়েলকে ইরানি সশস্ত্র বাহিনীর কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।

এদিকে লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। লেবাননে যুদ্ধ বন্ধ করতে, ঘরবাড়ি ধ্বংস করা বন্ধ করতে এবং দখল করা লেবাননের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারে ইসরায়েলকে বাধ্য করছে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার ঘোষণা আসার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারিত্ব অব্যাহত থাকবে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, ইরান তাদের আশ্বস্ত করেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনায় তেহরান লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি জোরালোভাবে উত্থাপন করবে।

এদিকে নাবাতিয়েহর বাসিন্দারা নিজেদের সম্পত্তির খোঁজ নিতে এলাকায় ফিরলেও সেখানে হতাশার আবহ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসের আল জাজিরাকে বলেন, ‘ইসরায়েলের সঙ্গে এটি কয়েক দশকের পুরোনো সংঘাত। তারা এমন এক শত্রু, যাদের বিশ্বাস করা যায় না। তাই আমরা কখনোই নিজেদের নিরাপদ মনে করতে পারি না।’

আরেক বাসিন্দা হুসেইন বদরেদ্দিন বলেন, ‘ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে ১৯৯০-এর দশকের দখলদারিত্বের সময় যেসব অবস্থানে ছিল, সেগুলো আবার দখল করার চেষ্টা করছে। তবে প্রতিরোধ যোদ্ধারা তাদের তা করতে দিচ্ছে না।’

প্রসঙ্গত, চলতি বছরের ২ মার্চ পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ৮২৬ জন নিহত এবং ১১ হাজার ৮৫১ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ