র্যাঙ্কিংয়েও লাফ দিলো বাংলাদেশ, ছয়ে নেমে গেছে ভারত
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : May 20, 2026 ইং
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়েও বড় লাফ দিলো বাংলাদেশ। ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে তারা।
বুধবার নিজেদের ওয়েবসাইটে টেস্ট র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।
সিরিজ শুরুর আগে ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ছিলেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাসরা। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টই জেতায় ১১ রেটিং যুক্ত হয়েছে তাদের। যার ফলে ওয়েস্ট ইন্ডিজ (৬৮) ও পাকিস্তানকে (৭৫) টপকে গেছে বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের নামের পাশে আছে ১৩১ রেটিং পয়েন্ট। দুই নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং ১১৯ পয়েন্ট। তালিকার পরের নামগুলো ভারত (১০৪), ইংল্যান্ড (১০২), নিউ জিল্যান্ড (১০১), শ্রীলঙ্কা (৮৬)। এছাড়া ১০ রেটিং নিয়ে ১০ নম্বরে রয়েছে জিম্বাবুয়ে। পর্যাপ্ত ম্যাচ না খেলায় আপাতত র্যাঙ্কিংয়ের বাইরে আয়ারল্যান্ড ও আফগানিস্তান।
এদিকে সিলেটে বুধবার সকালে শেষ হওয়া দ্বিতীয় পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ শেষে তিন ম্যাচে ১৬ পয়েন্ট (৪৪.৪৪ শতাংশ) নিয়ে টেবিলের ৬ নম্বরে ছিল বাংলাদেশ। এবারের সিলেট টেস্ট জিতে এখন ২৮ পয়েন্ট নিয়ে (৫৮.৩৩ শতাংশ) ৫ নম্বরে উঠে গেছে তারা। আর ছয়ে নেমে গেছে ভারত।
এখন পর্যন্ত চ্যাম্পিয়নশিপে দুই সিরিজে চার ম্যাচ খেলে ২টি টেস্ট জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের সঙ্গে এই দুই জয়ে তারা পেয়েছে ২৪ পয়েন্ট। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে একটি ম্যাচ ড্র করায় নামের পাশে যোগ হয়েছিল ৪ পয়েন্ট।
সব মিলিয়ে মোট ৪৮ পয়েন্টের মধ্যে ২৮ তথা ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে এখন পাঁচ নম্বরে নাজমুল হোসেন শান্তর দল। ৯ ম্যাচে ৫২ পয়েন্ট (৪৮.১৫ শতাংশ) নিয়ে ছয় নম্বরে নেমেছে ভারত।
সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। ৮ ম্যাচে ৭ জয়ে মোট ৮৪ পয়েন্ট (৮৭.৫০ শতাংশ) তাদের। এছাড়া দুই নম্বরে আছে নিউ জিল্যান্ড, ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট।
তালিকার পরের নামগুলো যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (৭৫.০০ শতাংশ), শ্রীলঙ্কা (৬৬.৬৭ শতাংশ), বাংলাদেশ (৫৮.৩৩ শতাংশ), ভারত (৪৮.১৫ শতাংশ), ইংল্যান্ড (৩১.৬৭ শতাংশ), পাকিস্তান (৮.৩৩ শতাংশ) ও ওয়েস্ট ইন্ডিজ (৪.১৭ শতাংশ)।
আপনার মতামত লিখুন :